প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সফল করে তুলতে সুনামগঞ্জে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা হলেন ম্যারাডোনা। তিনি মাঝ মাঠ থেকে ম্যারাডোনার মতো গোল দেয়ার জন্য পোস্টের কাছাকাছি আছেন।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রীর সমাবেশকে সামনে রেখে সুনামগঞ্জে এ প্রস্তুতি মিছিল ও সমাবেশের আয়োজন হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণ সফল করতে নেতাকর্মীদের সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা দেখে বিএনপি ভীত হয়ে পড়েছে। খালেদা জিয়ার রায় নিয়ে তারা চিন্তিতি হয়ে পড়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী, আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, অবণী মোহন দাস প্রমুখ।
