বহুল প্রত্যাশার ইম্পেরিয়াল হাসপাতাল আজ শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু করেছে তার সেবা কার্যক্রম চট্টগ্রামে । শনিবার (১৫ জুন) সকাল ১০টায় এ হাসপাতাল উদ্বোধন করেন বিশ্বের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন, ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠী।
এ উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেবী প্রসাদ শেঠী বলেন, ইম্পেরিয়াল হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিকমানের পরিকল্পিত স্বাস্থ্যসেবা চালু হয়েছে। এই হাসপাতাল প্রতিষ্ঠার ফলে দেশের রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। তিনি বলেন, এ হাসপাতালে এক ছাদের নিচে সব ধরণের চিকিৎসাসেবা মিলবে। হৃদরোগ বিভাগের চিকিৎসা ভারতের নারায়ণা হেলথ ও ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ বিভাগের নামকরণ করা হয়েছে ইম্পেরিয়াল-নারায়ণা কার্ডিয়াক বিভাগ।

সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার বক্তব্যে এদেশের জনগণ ও রোগীদের পক্ষ থেকে ডা. দেবী শেঠীকে ইম্পেরিয়াল হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ায় ধন্যবাদ জানান।-বাংলানিউজ
অনুষ্ঠানের সভাপতি এম এ মালেক বলেন, সাত একর জমির ওপর ৫টি ভবন নিয়ে ৬ লাখ ৬০ হাজার বর্গফুট জায়গায় এ দৃষ্টিনন্দন হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখানে সর্বোচ্চ সেবা দিতে চাই। শুধু মুনাফা অর্জন নয়, চট্টগ্রাম সহ দেশের স্বাস্থ্যখাতের অভাব ঘুচাতেই এই উদ্যোগ।
ডা. দেবী শেঠী হাসপাতাল পরিদর্শন করে অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
