ভারত পবিত্র মাহে রমজান উপলক্ষে কাশ্মীরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। সিয়াম সাধনার এই মাসে দেশটি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক টুইটার বার্তায় এই ঘোষণা দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত দুই দশকের মধ্যে অঞ্চলটিতে এই প্রথম কোনো যুদ্ধবিরতির ডাক দেয়া হলো। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের যুদ্ধবিরতির আহ্বানে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
বুধবার পররাষ্ট্রমন্ত্রলায় বলেছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত শান্তিপ্রিয় মুসলিমদের সুষ্ঠুভাবে রোজা পালন করার সুযোগ দেবে। তবে আক্রান্ত হলে বা নিরপরাধ মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে অভিযান চালানোর অধিকার থাকবে নিরাপত্তা বাহিনীর। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, মুসলিমদের রোজা পালনের জন্য নেয়া সরকারের এই সিদ্ধান্তের প্রতি স্থানীয় অধিবাসীরা সম্মান প্রদর্শন করবে। তারা এর বাস্তবায়নের জন্য সরকারকে সহায়তা করবে। কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাশ্মীরের রাজ্য সরকার। সেখানকার মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, ভারত সরকারের এই সিদ্ধান্ত স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়তা করবে। পাশাপাশি পরবর্তীতে টেকসই সংলাপের সুযোগ সৃষ্টি করবে। সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায় নি বিদ্রোহী দলগুলো। দীর্ঘ দিন ধরেই কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। গত কয়েক মাসে সেখানে সহিংসতা ভয়াবহ রূপ নেয়। এর আগে ২০০০ সালে কাশ্মীরে সর্বশেষ যুদ্ধবিরতি দেয়া হয়েছিল।
উল্লেখ্য, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কাশ্মীরের মালিকানা দাবি করে ভারত ও পাকিস্তান। বর্তমানে অঞ্চলটির দুই অংশ দুই দেশ শাসন করে। এই ভূখণ্ড নিয়ে পারমাণবিক শক্তিধর দু’দেশের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের।