রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ।
রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে টি-২০ এশিয়া কাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় ছয় বারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারায় বাংলাদেশ।
এমন অবিস্মরণীয় জয়ের ফলে জাতীয় মহিলা ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টি-২০ এশিয়া কাপ দলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মহিলা ক্রিকেটাররা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। আমি তাদের টিম স্পিরিট এবং তাদের অসাধারণ সাফল্যে সত্যিই গর্বিত।’
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই ক্রিকেট দলটি আগামীতেও তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখবে।
জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডায় অবস্থানরত শেখ হাসিনাও ক্রিকেট দল ও এর সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, সমগ্র জাতি বাংলাদেশ দলের টিম স্পিরিট ও অসাধারণ ক্রীড়া নৈপূণ্য দেখে গর্বিত। খেলাধুলায় বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থন এই ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দলের বিজয়ের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
টি-২০ এশিয়া কাপের ফাইনালে ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করে জয় তুলে নেয়।
