বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান নির্বাহী হেনরিয়েটা এইচ ফোর প্রথমবারের মত । চারদিনের সফরে তিনি সোমবার ঢাকায় পৌঁছান বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। তার সঙ্গে বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের মানবতা বিষয়ক বিশেষ দূত আহমেদ আল মেরাইক ।
বাংলাদেশ সফরের আগে গত জানুয়ারিতে ইউনিসেফ প্রধান নির্বাহী হেনরিয়েটা মিয়ানমার সফর করেন। গত ৩০ বছরে এটাই ছিল কোনো ইউনিসেফ প্রধানের প্রথম মিয়ানমার সফর।
সূত্র জানায় হেনেরিয়েটা সরাসরি কক্সবাজার গেছেন, এখনও সেখানেই অবস্থান করছেন। মিয়ানমারের সেনা নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছে। সোমবার বেশ কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন, ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারও ঘুরে দেখেছেন তিনি। কথা বলেছেন ফেসবুক লাইভে। আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকা হয়ে ফিরবেন তিনি।
সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে ইউনিসেফ প্রধান হেনরিয়েটার।
।
