আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে মিয়ানমারে । খবর বিবিসির।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুধবার তাদের আদালতে তোলা হলে এ রিমান্ড মঞ্জুর করা হয়। আটক হবার পর এই দুই সাংবাদিককে প্রথমবারের মতো জনসমক্ষে আনা হলো।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের তারা কিছু দলিল জোগাড় করেছিলেন।

সেজন্য তাদের অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেপ্তার করা হয়। দুজনই মিয়ানমারের নাগরিক।গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এ দুজনকে আটক করা হয়েছে।

ইয়াঙ্গুন শহরের উপকণ্ঠে পুলিশের নিমন্ত্রণে রাতের খাবার আয়োজন করে তাদের ডেকে নেয়া হয়। এরপর তাদের আটক করা হয়। গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।

বুধবার আদালতে হাজির করানোর পর সাংবাদিকদের পরিবারের সদস্যরা তাদের জড়িয়ে ধরে কান্না করে। তাদের আটকের পর পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হয়নি।

আটককৃত সাংবাদিকদের একজন বলেন, ‘অন্য সাংবাদিকদের সাবধানী হতে বলুন। এটা সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কোন ভুল করিনি।’

তাদের রিমান্ড মঞ্জুর করে আদালত বলেছে এখনো তদন্ত শেষ হয়নি। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দুজন পুলিশ কর্মকর্তাকেও আটক করা হয়েছিল।তবে তাদের আদালতে উপস্থাপন করা হয়নি।

রয়টার্স বলছে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাদের প্রতিনিধিরা কোন ভুল করেনি।

জাতিসংঘ বলছে, গত আগস্ট মাস থেকে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলিম সে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031