সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যানজট নিয়ন্ত্রণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। আর এ কারণে কেউ সফল মন্ত্রী বললে তিনি বিব্রত হন। তবে রাজনীতিবিদ হিসেবে নিজেকে সফল দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৮তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সড়কমন্ত্রী।

কাদের বলেন, ‘আমি শুরুতেই বলে রাখি আমাকে কেউ সফল মন্ত্রী আখ্যায়িত করলে আমি বিব্রত বোধ করি।’

‘বিব্রত বোধ করি এই কারণে একজন মন্ত্রী হিসেবে পদ্মাসেতু, মেট্রোরেল, ঢাকার বাইরে কিছু ফ্লাইওভারের মতো কাজ আমি করতে পেরেছি। কিন্তু আমি বাংলাদেশের পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে পারিনি। রাস্তায় ট্রাফিক যানজট নিয়ন্ত্রণ করতে পারিনি।’

‘এখন রাস্তায় যানজটে পড়ে মৃত্যুযন্ত্রণায় ছটফট করে তখন মন্ত্রী হিসেবে আমার সফলতাকে ম্লান করে দেয়। রাস্তায় যানজটে আটকে থেকে মুমূর্ষু রোগী মারা যায় তখন কেউ আমাকে সফল মন্ত্রী বললে আমার ভালো লাগে না।’

সড়কে উল্টো দিকে চলাচল ফেরাতেও ব্যর্থতা স্বীকার করেন কাদের। বলেন, ‘ভিআইপিরা উল্টো পথে যান, অনেকেই ভিআইপি না হয়েও উল্টো পথে চলেন। নীলক্ষেতে সংসদ সদস্যের ভুয়া স্টিকার লাগিয়ে উল্টোপথে চলাচল করেন। পুলিশ এক্ষেত্রে দেখেও না দেখার ভান করে। চাকরি চলে যাওয়ার ভয় পায়। মন্ত্রী হিসেবে আমি এখানেও সফলতা দাবি করতে পারি না।’

তবে রাজনীতিবিদ হিসেবে নিজেকে সফল বলে দাবি করেন সড়কমন্ত্রী। বলেন, ‘রাজনীতিক হিসেবে নিজেকে সফল দাবি করতে পারি। কত জেল-জুলুম হুলিয়াকে মাথায় নিয়ে এই অবস্থায় এসেছি। পাঁচ বছর জেল খেটেছি।…আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক হয়েছি। সেখানে আমি ভাগ্যবান। এটা খুব কম রাজনীতিকের ভাগ্যে জোটে।’

রাজনীতিক ভালো হলে পুলিশও ভালো হবে

রাজনীতিকের সততা গোটা দেশকেই সৎ বানাতে পারে বলে মনে করেন সড়কমন্ত্রী। বলেন, ‘যদি আমরা রাজনীতিকরা ভালো মানুষ হই, সৎ মানুষ হই পুলিশও যদি খারাপ থাকে তাহলে পুলিশও ভালো হয়ে যাবে।’

পুলিশ প্রশাসনে রাজনীতিবিদরা হস্তক্ষেপ করে স্বীকার করে কাদের বলেন, ‘আমরা নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করছি। ওসি, এসপি যদি ভালোও হয় কিন্তু আমার কথা শোনেন না, তাহলেও ওই, ওসি এসপি সেখানে থাকেন পারেন না।’

পুলিশকে চাপের মুখে অটল থাকার পরামর্শ দেন সড়কমন্ত্রী। বলেন, ‘ন্যায় ও নীতির পথে চলবেন। কারো কাছে নতি স্বীকার করবেন না। ‘আপনি আপনার যোগ্যতায় এসপি হয়েছেন। কোন নেতা আপনাকে এসপি বানায়নি।’

সীমাবদ্ধতার মধ্যেও ভালো কাজ করছে পুলিশ

অনেক সীমাবদ্ধতা ও সুযোগ সুবিধার ঘাটতির মধ্যেও পুলিশ ভালো কাজ করছে বলে মনে করেন ওবায়দুল কাদের। বলেন, ‘হাইওয়ে দেখি পুলিশ অপরাধের ঘটনাস্থলে যান সিএনজিতে চড়ে। আমাদের দেশে সন্ত্রাসীরা যে অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্র এখনও পুলিশের কাছে নেই।’

জঙ্গি দমনে পুলিশের প্রশংসা করে কাদের বলেন, ‘পুলিশ এখানে কোনো আপস করেনি। পুলিশের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা সত্যিই বিস্ময়কর।’

দশম সংসদ নির্বাচনের সময় পুলিশ প্রশংসাযোগ্য কাজ করেছে বলেও মন্তব্য করেন কাদের। বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে পরে পুলিশ যদি সাহস, সক্ষমতা দেখাতে না পারত তাহলে কিন্তু সেদিন সরকার হিসেবে আমরা দুর্বল হয়ে পড়তাম।’

‘সেদিন পুলিশ ছিল আমাদের সাহস সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। এটা আমি পুলিশকে খুশি করার জন্য বলছি না আমার অভিজ্ঞতা থেকেই বলছি।’

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য দেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930