আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোহিঙ্গা জনস্রোতের ভার বহন করার ক্ষমতা সরকারের নেই বলে উল্লেখ করেছেন । তিনি আরো বলেছেন, বাংলাদেশ সতর্কতার সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘একদিকে রোহিঙ্গাদের পুশইনের প্রতিবাদ করছি, অন্যদিকে তাদের প্রতি মানবিক আচরণও করছি। তাদের পুশব্যাক করছি না। রোহিঙ্গাদের এই বিরাট বহর বহন করার সাধ্য আমাদের নাই।’ মানুষের এই স্রোতের সঙ্গে অবৈধ মাদক ও অস্ত্র আসছে কিনা তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘মানুষের স্রোতের সঙ্গে মাদক, অস্ত্র যুক্ত হচ্ছে কিনা তা আরো উদ্বেগজনক। আমরা মিয়ানমারের সঙ্গে কথা বলেছি তারা যেন রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। রোহিঙ্গাদের যেভাবে গানপাউডার ছিটিয়ে, আগুন দিয়ে ও গুলি করে হত্যা করা হচ্ছে তা মানবতাবিরোধী। ওই নির্যাতন থেকে বাঁচার জন্য রোহিঙ্গারা যে পথে আসছে সে পথটাই রক্তস্রোতে পরিণত হয়েছে। নাফ নদীতে ওরা ডুবেও মারা যাচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সতর্কতার সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতির মোকাবিলা করছি। একদিকে রোহিঙ্গা স্রোত ছুটে আসছে যা উদ্বেগজনক। দেড় লাখ রোহিঙ্গা চলে এসেছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন। আমরা তার নির্দেশে কর্মকাণ্ড পরিচালনা করছি। বিষয়টি জাতিসংঘকে জানিয়েছি। এত মানুষের ভার বহন করার সক্ষমতা আমাদের নাই।’
