যুক্তরাষ্ট্রের সিনেট ফাইন্যান্স কমিটি । যুক্তরাষ্ট্রে প্রথম নারী ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী হিসেবে ড. জ্যানেট ইয়েলেনের মনোনয়নকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ফলে ধারণা করা হচ্ছে তিনি সিনেটে পূর্ণাঙ্গ অনুমোদন পাবেন সহজেই। কিন্তু রিপাবলিকানরা তাকে অর্থনৈতিক নীতিগুলোতে উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মনোনয়ন নিশ্চিত করতে আগামী সোমবার ভোট হবে সিনেটে। এই ভোটের বিষয়ে শুক্রবার সিনেটে ঘোষণা দেন সংখ্যাগরিষ্ঠ সিনেট নেতা চাক শুমার। সিনেটে অনুমোদন পেলেই জ্যানেট ইয়েলেন হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী। তিনি নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে অর্থনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, শপথ নেয়ার আগেই প্রেসিডেন্ট জো বাইডেন ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ পরিকল্পনা ঘোষণা করেছেন। অবকাঠামো খাত, পরিবেশবান্ধব বিদ্যুত, শিক্ষা এবং মার্কিনিদের প্রতিযোগিতামূলক করে তোলার গবেষণাকে সমৃদ্ধ করার জন্য ২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রত্যয় ঘোষণা করেছেন। তার এসব খরচের খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন ড. ইয়েলেন। মঙ্গলবার তার মনোনয়ন নিয়ে সিনেট ফাইন্যান্স কমিটিতে শুনানি হয়েছে।
