পশ্চিমবঙ্গ সফরে এসে মাত্র দুই ঘন্টার সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমঙ্গের তুণমূল কংগ্রেস সরকারকে তুলোধোনা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণতন্ত্র, নির্বাচন, বিচার ও পঞ্চায়েত ব্যবস্থায় যাদের ভরসা নেই, তারা ছাড় পাবেন না। প্রধানমন্ত্রী মেদিনীপুর শহরে আয়োজিত কৃষক সমাবেশে কৃষকদের জন্য তার সরকারের উদ্যোগের কথা জানানোর পাশাপাশি রাজ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাজ্যে মা মাটি মানুষের নামে সিন্ডিকেট রাজ চলছে। সিন্ডিকেট রাজের নামে জোর করে গরিবের আয় ছিনিয়ে নেওয়া হচ্ছে। তিনি মন্তব্য করেছেন, সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কিছু করা অসম্ভব।
মোদীর সভায় প্যান্ডেল ভেঙ্গে আহত ২২ : মোদীর সভাস্থলে প্যান্ডেলের একাংশ ভেঙ্গে প্রায় ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোহার রেলিংয়ে অনেকের উঠে পড়ার ফলেই একাংশ হুড়মুড়িয়ে ভেঙ্গে যায়। তবে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটার হাত থেকে মানুষ রক্ষা পেয়েছে। আহতদের সকলকে স্থানীয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ভাষণ দেবার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। প্রধানমন্ত্রী সকলকে সতর্ক করে দেন। এদিন ভাষণ শেষে মোদী নিজে হাসপাতালে গিয়ে আহতদের দেখে গিয়েছেন।
