সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় । শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নায়েক আবু সাঈদ (৩৫) এবং ল্যান্স নায়েক আবদুল বারী (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি এবং রহনপুরের ৫৯ বিজিবির বেশকিছু সদস্যকে রাজশাহী প্রশিক্ষণে নিয়ে যাচ্ছিল বিজিবির একটি গাড়ি। গোদাগাড়ীর সারেংপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিজিবির গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিজিবির গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই আবদুল বারী মারা যান। আহত হন তিনজন। আহতদের হাসপাতালে নেয়া হলে আবু সাঈদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে। আর আহত দুইজনের চিকিৎসা চলছে।

ওসি খাইরুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলে নিহত আবদুল বারীর লাশ তাদের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। আর দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031