একটি পাঁচ তারকা হোটেলে তিন বন্দুকধারীর হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ।
কৌশলগত বন্দরনগরী গওয়াদরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে হামলাটি চালানো হয় যে বন্দরে চীনের কয়েকশ’ কোটি ডলারের প্রকল্পের কাজ চলছে।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। চীনা ও অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
চীনা বিনিয়োগে স্থানীয়দের খুব একটা লাভ হবে না, এমন অভিযোগ করে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা চীনা বিনিয়োগের বিরোধিতা করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
আজ শনিবার (১১ মে) স্থানীয় সময় ৪টা ৫০ মিনিট (গ্রিনিচ মান সময় ১১:৫০টা) দিকে বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হোটেলটিতে হামলা চালায় বন্দুকধারীরা।
তিন বন্দুকধারীর হামলায় এক নিরাপত্তা রক্ষী নিহত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে।
হামলার সময় কতজন লোক হোটেলটিতে ছিলেন তা জানা না গেলেও অধিকাংশ অতিথিকে সরিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা।
