আদালত রাজধানীর বনানী সুপার মার্কেটের কারপার্কিং ইজারায় দুর্নীতির একটি মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ চার আসামির দশ বছর করে কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সাদেক হোসেন খোকাকে ২০ লাখ টাকা ও অপর তিন আসামিকে দশ লাখ করে টাকা জরিমানা করা হয়েছে। এর আগে অপর একটি মামলায় সাদেক হোসেন খোকার কারাদণ্ড হয়েছে। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন।

মামলার অপর তিন আসামি এ মামলায় জামিনে ছিলেন। আজ রায় ঘোষণার সময় তারা হাজির না হওয়ায় তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার অপর তিন আসামি হলেন, বনানীর ঢাকা সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ব্যবস্থাপক এইচ এম তারেক।
ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।

গত ১২ নভেম্বর মামলাটির রায় ঘোষণার জন্য ১৯ নভেম্বর দিন ঠিক করেছিলেন। কিন্তু ওইদিন রায় প্রস্তুত করা সম্ভব না হওয়ায় তা পিছিয়ে ২৮ নভেম্বর ধার্য করা হয়।
২০১৫ সালের ২৯ নভেম্বর মামলাটিতে বর্তমানে বিদেশে অবস্থানরত এ আসামির বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা চার্জগঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটিতে ২০১২ সালের ৮ নভেম্বর বাংলাদেশ দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিল হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সর বেজমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করেন।
অংশগ্রহণ করা ৪টি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামে জনৈক ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে সাদেক হোসেন খোকা অপর আসামিদের সঙ্গে যোগসাজশ করে ইজারার কার্যক্রম স্থগিত করেন।
এর মাধ্যমে ফেব্রুয়ারি ২০০৩ সাল হতে ফেব্রুয়ারি ২০১১ সাল পর্যন্ত ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ঢাকা সিটি করপোরেশনের ক্ষতি করেছেন।
২০১৫ সালের ২০ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির এই ভাইস চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড এবং ১১ লাখ টাকা জরিমানার রায় দিয়েছে আদালত।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031