ওয়েস্ট ইন্ডিজ এভিন লুইসের দুর্দান্ত ইনিংসে (৩৬ বলে ৮৯ রান) বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিল । শনিবার মিরপুরে শেষ টি- টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৯০ তুলেছে (অলআউট) সফরকারীরা। তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় থাকায় এ ম্যাচটি হয়ে ওঠেছে ফাইনাল। যারা জিতবে সিরিজ তাদের।

টস জিতে  পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ওপেনার এভিন লুইসের ‘পাওয়ার’ ব্যাটিংয়ে শুরুতেই তোপের মুখে পড়েন পেসার আবু হায়দার রনি। ২ ওভারে দেন ৩৯ রান। রনির বাজে বোলিংয়ে শুরুতে দারুণ ভিত পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩.১ ওভারেই ৫০ রান যোগ হয় ওয়েস্ট ইন্ডিজ স্কোর বোর্ডে। ১২ বলে ২৩ করে সাকিবের বলে ফেরেন সাই হোপ। কিন্তু তাতে মোটেও নির্ভার থাকতে পারেনি বাংলাদেশ। লুইসের ব্যাটে যে আগুন। মাত্র ১৮ বলে ৫ ছক্কা ও তিন চারে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন লুইস। সেই সঙ্গে বাংলাদেশকে শুরুতে ব্যাকফুটে ঠেলে দেন এ মারকুটে ওপেনার।

কেমো পলকে উইকেটে অবশ্য সেট হতে দেননি মোস্তফিজুর রহমান। ২ রানে তাকে ফেরান এ পেসার। ওদিকে মাত্র ৭.১ ওভারে ১০০ রান পূরণ করে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে প্রথম পাওয়ার প্লের (প্রথম ৬ ওভার) অবদান ৮৮, এক উইকেটে!

যেভাবে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল সেঞ্চুরি করে ফেলবেন লুইস। সেকি ‘মাসল’ ব্যাটিং! তবে ৩৬ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর অনিয়মিত বোলার মাহমুদউল্লাহ রিয়াদের বলে ফিরতে হয় তাকে। রিয়াদের পরের বলে বিনা রানে ফেরেন হেটমায়ার। টানা দুই বলে রিয়াদের ২ উইকেট। রিয়াদের কল্যাণে রানের গতি কিছুটা মন্থর হয়।

রোভম্যান পাওয়েল ও নিকোলাস পুরান নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়ান। শুরুতে সময় নিলেও আস্তে আস্তে হাত খুলে ব্যাট করছিলেন তারা। তবে বড় পার্টনারশিপ গড়তে পারেননি। ১৬ বলে ১৯ রান করার পর রিয়াদের বলে ফিরেন পাওয়েল। এরপর ২৪ বলে ২৯ রান করে মোস্তাফিজের বলে বিদায় নেন পুরান। ব্র্যাথওয়েট ৮ রানে আউট হন মোস্তাফিজে বলে। এরপর সাকিব দ্রুত দুই উইকেট নিলে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৯০ রানে। সাকিব, মোস্তাফিজ ও রিয়াদ তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৯০ (১৯.২ ওভার)

(এভিন লুইস ৮৯, শাই হোপ ২৩, কিমো পল ২, রোভম্যান পাওয়েল ১৯, শিমরন হেটমায়ার ০, নিকোলাস পুরান ২৯, কার্লোস ব্র্যাথওয়েট ৮, শেরমানে রাদারফোর্ড ২, ফ্যাবিয়ান অ্যালেন ৮, শেলডন কটরেল ২*, ওশানে থমাস ০; আবু হায়দার রনি ০/৩৯, মোহাম্মদ সাইফউদ্দিন ০/৩৬, মেহেদী হাসান মিরাজ ০/২৬, সাকিব আল হাসান ৩/৩৭, মোস্তাফিজুর রহমান ৩/৩৩, মাহমুদউল্লাহ রিয়াদ ৩/১৮)।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031