৩০টি বিলাসবহুল গাড়ি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনে আসা অতিথিদের যাতায়াতের জন্য কেনা হচ্ছে। শুল্কমুক্ত সুবিধার মাধ্যমে জার্মানির বিখ্যাত মার্সিডিজ বেঞ্জ (এস ক্লাস) বা বিএমডব্লিউ-৭ সিরিজের এসব গাড়ি দরপত্র ছাড়া সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে আমদানি করা হবে। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় গাড়ি কেনার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গাড়ি কেনার প্রস্তাবটি প্রক্রিয়া করছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক
বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি উঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছরের ৫ ও ৬ই মে ওআইসি’র ৪৫তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চিঠিতে বলেছে, সম্মেলনে আসা অতিথিদের যাতায়াতের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিবহন সুবিধা দেয়া হবে। এক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী এবং ওআইসি সংস্থা প্রধানদের ব্যবহারের জন্য ৩০টি মার্সিডিজ বেঞ্জ (এস ক্লাস) বা বিএমডব্লিউ-৭ সিরিজ শুল্কমুক্ত সুবিধায় কেনা যাবে। যদি মার্সিডিজ বেঞ্জ (এস ক্লাস) কর্তৃপক্ষ যথাসময়ে সরবরাহ করতে অসমর্থ হয়, সেক্ষেত্রে উপযুক্ত অর্থের মধ্যে সমমানের সেডান কার অর্থাৎ বিএমডব্লিউ-৭ সিরিজ কার কেনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিগত অনুমোদন রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৩০শে অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিলাসবহুল কার কেনা সংক্রান্ত একটি সারসংক্ষেপ পাঠায়। ওই সারসংক্ষেপে বলা হয়, বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান বাংলাদেশের সম্মানজনক অবস্থানকে সমুন্নত রাখার নিমিত্তে এবং আলোচ্য সম্মেলনের গুরুত্ব ও মর্যাদা বিবেচনায় ৩০টি মার্সিডিজ বেঞ্জ (এস ক্লাস)/বিএমডব্লিউ-৭ সিরিজ সেডান কার সম্মেলনটিতে ব্যবহারে জন্য সংগ্রহ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপে সময়ের স্বল্পতা হেতু সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩০টি মার্সিডিজ বেঞ্জ (এস ক্লাস)/বিএমডব্লিউ-৭ সিরিজ সেডান কার কেনার নির্দেশনা রয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত সারসংক্ষেপে বলা হয়েছে, ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আসা অতিথিদের যাতায়াতের জন্য বাংলাদেশের পক্ষ হতে প্রয়োজনীয় পরিবহন সুবিধা প্রদান করার জন্য ৩০টি মার্সিডিজ বেঞ্জ (এস ক্লাস)/বিএমডব্লিউ-৭ সিরিজের গাড়ি আমদানি প্রয়োজন। গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় ক্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন রয়েছে। এখন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন। এতে বলা হয়, সম্মেলনে ব্যবহারের পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব গাড়ি ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত ভিভিআইপি অতিথিদের ব্যবহারের জন্য পাঁচটি গাড়ি পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ এবং অবশিষ্ট গাড়িগুলো সরকারি পরিবহন পুলে হস্তান্তর করা হবে। যেহেতু প্রস্তাবিত গাড়িগুলো বিশেষভাবে রাষ্ট্রীয় প্রটোকল ও সরকারি প্রয়োজনে ব্যবহারের জন্য বিবেচ্য, সেহেতু গাড়িগুলো কেনায় শুল্ক অব্যাহতি প্রদান যুক্তিযুক্ত। তাই ২০১৭-১৮ অর্থবছরে সরকারি যানবাহন অধিদপ্তরের অনুকূলে সংশ্লিষ্ট কোডে বরাদ্দ করা অর্থে গাড়িগুলো আমদানি করা যেতে পারে। এর আগে গত ১২ই জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিলে, আগামী বছর ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ঢাকা। আইভরি কোস্টের অর্থনৈতিক রাজধানী আবিদজানে চলমান ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪তম সম্মেলনে এ সিদ্ধান্ত হয়। তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসিতে বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক ভূমিকা এবং ক্রমবর্ধমান গুরুত্বের স্বীকৃতি হিসেবে এ সিদ্ধান্ত এসেছে।
