এক কিশোরী প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সিলেটের ওসমানীনগরে। এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষক ছমির মিয়া (৪২)কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দয়ামীর ইউপির চকবাজারে। ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে শুক্রবার রাতে ছমির মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওসমানীনগর উছমানপুর ইউনিয়নের ব্রাহ্মণ শাসন গ্রামের ১৭ বছরের কিশোরী মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের টানে প্রেমিকের সঙ্গে বিয়ে করার উদ্দেশে গত ১৫ই নভেম্বর পালিয়ে যায়। প্রেমিকের কথামতো ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর কদমতলায় ওই কিশোরী এসে তার প্রেমিককে না পেয়ে অভিযুক্ত সিএনজি চালক ছমির মিয়া কিশোরীকে বাড়ি নিয়ে যাবার কথা বলে তার সিএনজি অটোরিকশা করে নিয়ে চকবাজারের আলমগীরের গ্যারেজে আটকে রাখে। রাতে কিশোরীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ছমির মিয়া কিশোরীকে ধর্ষণ করে।
