স্বদেশি এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে সৌদি আরবে এক যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। রাজধানী রিয়াদে তিন বছর আগে ঝগড়ার একপর্যায়ে তিনি এক ব্যক্তিকে গুলি করেন। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ওই যুবরাজের নাম তুর্কি বিন সাউদ আল কবির। রাজধানীতেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে তার মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে সেখানে বেশিরভাগ মৃত্যুদণ্ডই কার্যকর করা হয় শিরশ্ছেদ করে। তুর্কি বিন সাউদ আল কবিরের মধ্য দিয়ে এ বছর ১৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তবে রাজপরিবারের কোনো সদস্যকে মৃত্যুদণ্ড দেয়ার ঘটনা বিরল। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্বদেশিকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে ওই যুবরাজকে। তার মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়ে মন্ত্রণালয় বলেছে, সবার জন্য নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। তুর্কি বিন সাউদ আল কবিরের হাতে নিহত ব্যক্তির পরিবার ‘ব্লাড মানি’ বা মৃত্যুদণ্ডের পরিবর্তে অর্থ নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে। সৌদি আরবে রাজপরিবারে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ১৯৭৫ সালে বাদশা ফয়সালকে হত্যা। ওই হত্যার জন্য তার নিকট আত্মীয় ফয়সাল বিন মুসাইদ আল সাউদ দোষী সাব্যস্ত হন। এজন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এটাই সৌদি আরবে রাজপরিবারের মধ্যে সবচেয়ে আলোচিত মৃত্যুদণ্ডের অন্যতম। সৌদি আরবে যেসব মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার বেশির ভাগই হত্যাকাণ্ড ও মাদক পাচারের দায়ে অভিযুক্ত। তবে জানুয়ারিতে মাত্র একদিনে ‘সন্ত্রাসের’ অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয় প্রায় ৫০ জনকে। এর মধ্যে ছিলেন শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমর।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930