তমা বেশ কয়েক বছর ধরে নিউ ইয়র্কে রয়েছেন । তবে সম্প্রতি একটি রিসার্চের কাজে দেশে ফিরেন তিনি। বস্তিতে থাকা মানুষের ওপর একটি অনুসন্ধানী রিপোর্ট লেখার কাজে এসে পরিচয় হয় এক চটপটি বিক্রেতার সঙ্গে। এরপর বস্তির বিভিন্ন শ্রেণির লোকদের পাশাপাশি ওই চটপটিওয়ালার সঙ্গে বেশ সখ্য তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানান ঘটনা। এমনই একটি কাহিনীর নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী তমা মির্জা। ছবির নাম ‘কে’। এর গল্প লিখেছেন ও পরিচালনা করছেন আলম আশরাফ। এ ছবিটি প্রসঙ্গে তমা বলেন, পরিচালক আলম আশরাফের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। ছবির কাহিনীটা আমার বেশ পছন্দ হয়েছে। ১৩ই নভেম্বর প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। মূলত তাকে উৎসর্গ করে এই ছবির কাজ শুরু হবে। মিরপুরের এক বস্তিতে সেট ফেলে কাজ শুরু হবে ছবিটির। এ ছবিতে আমার বিপরীতে চটপটিওয়ালার চরিত্রে অভিনয় করবেন শাহরিয়াজ। তার সঙ্গে আগেও আমার কাজ হয়েছে। আশা করি ছবিটি দর্শকরা পছন্দ করবেন। নীল নক্ষত্র প্রোডাকশন হাউজের ব্যানারে এ ছবিতে আরও অভিনয় করবেন শিমুল খান। উল্লেখ্য, তমা মির্জা এর আগে শাহরিয়াজের সঙ্গে জুটি হয়ে দেবাশীষ বিশ্বাসের ‘চলো পালাই’ ছবিতে কাজ করেছেন। এ ছবির এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। এছাড়া নিরবের বিপরীতে ‘গেম রিটার্ন’ ছবিতেও কাজ করেছেন তমা। খুব শিগগিরই এ ছবিটি মুক্তি পাবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930