ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর জানাজা সোমবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মরদেহ ক্যাম্পাস সংলগ্ন তার  বাসভবনে নিয়ে আসা হয়েছে। দলটির দায়িত্বশীল একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবার-স্বজন ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে শোকাতুর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দিয়াজের বাড়িতে। এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করছেন উপস্থিত সকলে।
এর আগে সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে দিয়াজ ইরফান চৌধুরীর ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এদিকে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে মহানগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, দিয়াজ মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকার বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে হলেও দিয়াজের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930