মেয়র আ জ ম নাছির উদ্দীন ফাদার অব দ্য সিটি বা ‘নগর পিতা’ বলাটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ক্ষেত্রে বড় কৌতুক ও তামাশা বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশল বিভাগ আয়োজিত ‘সড়ক নির্মাণ ও মান নিয়ন্ত্রণ’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চসিক এমন পর্যায়ে পৌঁছেছিল যেন দয়া ও করুণার প্রতিষ্ঠান। নগরবাসীর আস্থা শূন্যের কোটায় ঠেকেছিল। এখন আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি। আগামী তিন বছরে চট্টগ্রাম নগরীকে একটি নান্দনিক নগরীতে পরিণত করা হবে। এটি হবে একটি বিশ্বমানের আধুনিক নগরী।

তিনি বলেন, প্রশাসন চালানো আর রাজনীতি ও ব্যবসা পরিচালনায় অনেক পার্থক্য রয়েছে। নিয়ম ও আইন মেনে প্রশাসন চালাতে হয়।

তিনি বলেন, আগে সরকারি সংস্থাগুলো যে যার মতো কাজ করতো। চসিক, সিডিএ, পিডিবি, ওয়াসার মধ্যে সমন্বয় ছিল না। চসিককে গুরুত্বই দিত না অন্য সংস্থাগুলো।

বিলবোর্ড উচ্ছেদের সময় রেল, বন্দর, গণপূর্ত সব প্রতিষ্ঠানের বিলবোর্ড কেটে চসিকের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছি। আগে চসিক আইনের প্রয়োগ ভুলে গিয়েছিল।

‘সচল রাখিব প্রযুক্তি ও দক্ষতায়’ স্লোগানে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক। তিনি বলেন, মেয়র দায়িত্ব নেয়ার পর সম্প্রতি ৭১৬ কোটি টাকার ডিপিপি প্রি-একনেকে পাস হয়েছে।

সেমিনারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রকৌশলী সুভাষ বড়ুয়া, চসিকের কাউন্সিলর, সাবেক প্রধান প্রকৌশলী, প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031