আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন। আজ রোববার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সাংগঠনিক জেলাগুলোর দপ্তর ও উপদপ্তর সম্পাদকদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ দাবি করেন। তিনি বলেন, হঠাৎ কী কারণে খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান, সেটা নিয়ে আমি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আর এই তল্লাশির প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি ও তার বেশ কিছু সহযোগী সংগঠন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালের অভিযানের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক আবিষ্কার করেছেন। তারা যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের পার্টি অফিসে দফায় দফায় হামলা হয়েছে। আমাদের সিআরআইয়ের (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন) অফিস সিলগালা করে দিয়েছিল। তাদের সময় আওয়ামী লীগ অফিসে শুধু অভিযান চালানো হয়নি, দলীয় কার্যালয়ে ঢুকে নেতা-কর্মীদের ওপর নির্যাতন করা হয়েছিল। অফিস লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এসব কি তারা ভুলে গেছে? তখন কি গণতন্ত্র সঠিক ছিল?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ওপর সুপরিকল্পিতভাবে যে গ্রেনেড হামলা করেছিল, সেটা কোন গণতন্ত্র? আইভি রহমানসহ ২৩ জনের রক্ত ঝরল। এটা রক্তাক্ত গণতন্ত্র ছিল। দৃষ্টান্ত কারা স্থাপন করেছে? বড় বড় কথা বলে লাভ নেই। গণতন্ত্রের নামে যে হত্যা-নির্যাতন করা হয়েছে, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে একুশে ফেব্রুয়ারি সমাবেশ করতে দেওয়া হয়নি, এটা কি গণতন্ত্র?
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930