সৌদি আরব ও তার তিন সহযোগী দেশ নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে প্রস্তাবিত ১৩ শর্ত পূরণে কাতারকে আরও ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে কাতারকে ১০ দিনের মধ্যে ১৩ দফা দাবি পূরণের শর্ত দিয়েছিল দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্নকারী সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শর্ত পূরণের সময়সীমা গতকাল রবিবার রাতে পেরিয়ে যায়। কিন্তু সংকটের কোনো সমাধান হয়নি। এরপর নতুন করে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হলো।

এখন সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলো বলছে, তারা শর্ত পূরণের সময়সীমা বাড়িয়েছে। কাতার ৪৮ ঘণ্টার মধ্যে শর্ত পূরণ না করলে দোহার ওপর আরও অবরোধ দেওয়া হবে।

দোহা জানিয়েছে, শর্তের বিষয়ে তারা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চিঠির মাধ্যমে আজ সোমবার জানিয়ে দেবে। কুয়েতের কাছে এই চিঠি দেওয়া হবে। কুয়েত চলমান এই সংকট সমাধানের মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে।

চিঠি হস্তান্তর করতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি আজ সোমবার কুয়েতে যাবেন। কাতারের আমিরের চিঠিটি কুয়েতের আমিরকে দেওয়া হবে।

বুধবার সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। সেখান থেকে এ সংক্রান্ত নতুন কোন নির্দেশনা আসতে পারে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি বলেছেন, আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলার কারণে বড় দেশগুলো ছোটো দেশগুলোকে পীড়ন করতে পারে না; আল্টিমেটামও দিতে পারে না। কোনো সার্বভৌম দেশকে অন্য কেউ আল্টিমেটাম দেয়ার কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

গত মাসে সৌদি আরব ও তার মিত্র চারটি উপসাগরীয় অঞ্চলের দেশ অবরোধ আরোপের পর থেকে মারাত্মক কূটনীতিক ও অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে কাতার। যদিও আগেই কাতার জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব ক্ষুন্ন করে এমন কোন শর্তের কাছে তারা নতি স্বীকার করবে না।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930