বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনে ইনজুরি থেকে ফিরে হালকা অনুশীলন শুরু করেছেন । সাধারণ ক্রিকেটারদের চেয়ে পেসাররাই বেশী ইনজুরিতে পড়বেন এটা স্বাভাবিক। কিন্তু রুবেল হোসেনের ইনজুরিটা একটু অন্যরকম। ক্রিকেটারদের ভুতুড়ে চোটের ইতিহাস কম নেই। তবে রুবেল হোসেনের মত অদ্ভুতুড়ে অভিজ্ঞতা মনে হয় না আর কারও হয়েছে। তার দাবি, চোট পেয়েছিলেন রুমের দরজার সঙ্গে ধাক্কা লেগে। সেটা এতটাই গুরুতর যে অস্ত্রোপচারও করতে হয়েছে। গত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল শেষে রাতে হোটেলে ফিরে নাকি ওই চোট পেয়েছিলেন। তখন দৃশ্যমান হয়নি। পরে এতটাই ঝামেলা পাকাল সেই চোট যে ছোটখাটো অস্ত্রোপচার করাতে হলো। ফিটনেস ক্যাম্পের শুরুর দিকে তাই ছিলেন না রুবেল। পরে অবশ্য যোগ দিয়েছেন। এখন চলছে স্কিল ট্রেনিং। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, অনুশীলন করছেন পুরো দমে। ‘এখন সুস্থ পুরোপুরি। পুরো রান আপে বোলিং করেছি আজ (কাল)। আগের দিন শর্ট রান আপে করেছিলাম, তবে ইনটেনসিটি হাই ছিল। আজকে (কাল) পুরো রান আপে করলাম। কোনো ধরনের কোনো ব্যথা অনুভব করিনি।’ শুরুর দিকটায় না থাকায় বেশ খানিকটা ক্ষতি হয়ে গেছে। ফিটনেস নিয়ে আরেকটু ঘাম ঝরানোর সুযোগ তো ছিলই, ওই সময় পাশাপাশি পেস বোলারদের নিয়ে আলাদা সেশন করেছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। রুবেল ছিলেন না সেসময়। তবে তার আশা, ঘাটতিটুকু পুষিয়ে নিতে পারবেন সামনের কদিনে। ‘এখনও অনেক দিন সময় আছে। যেহেতু কয়েকটা বোলিং সেশন মিস করেছি, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। যে কটা দিন অনুশীলন আছে, তার সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করব।’ কাজের বড় একটা অংশ জুড়ে থাকবে টেস্ট বোলিংয়ে উন্নতি। টেস্টের আঙিনায় ৮ বছর কাটিয়ে দিলেও রুবেলের বোলিং রেকর্ড মোটামুটি ভয়াবহ। ২৪ টেস্টে নিয়েছেন মাত্র ৩২ উইকেট। বোলিং গড় ৭৭.৯৩। কমপক্ষে ১৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে রুবেলের গড় টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে। সেই রুবেল বোলিং কোচ হিসেবে পেয়েছেন টেস্ট ইতিহাসের সফলতম বোলারদের একজনকে। রুবেলেরও চাওয়া, ওয়ালশকে সঙ্গে নিয়ে টেস্টে উন্নতির পথে হাঁটা। ‘টেস্ট ক্রিকেটে তার কাছ থেকে অনেক শেখার আছে। কারণ তার টেস্ট রেকর্ড অনেক ভালো। কিভাবে লাইন লেংথে একটানা বোলিং করা যায়, কিভাবে উইকেট বের করতে হবে বড় বড় দলের সঙ্গে, এটা নিয়ে কাজ করব।’ বোলার রুবেলের জন্য এখন অবশ্য ব্যাটিং কোচও আছেন। প্রাথমিক ভাবে এক মাসের জন্য ব্যাটিং পরামর্শক হয়ে আসা মার্ক ও’নিলের মূল কাজ লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করা। রুবেলও মুখিয়ে আছেন ব্যাটিং ঝালাই করে নিতে। ‘আমার সঙ্গে যদি একজন সেট ব্যাটসম্যান থাকে, তাকে সাপোর্ট করার জন্য কী করা উচিত, এটা নিয়ে কথা বলব। কোন পরিস্থিতিতে কী করতে হবে, এই ধরণের বাড়তি কিছু পরামর্শ নেওয়ার চেষ্টা করব।’ ব্যাটিংয়ে উন্নতি হলে তো ভালোই, তবে দল তাকিয়ে থাকবে বোলার রুবেলের দিকে। গতিময় ও আগ্রাসী রুবেল যদি রঙিন পোশাকের মত কার্যকর হয়ে উঠতে পারেন সাদায়ও, দলের জন্য সেটি হবে বড় পাওয়া।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031