বাংলাদেশের অবস্থানের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোহিঙ্গা ইস্যুতে। তিনি গত রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে এ কথা জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব নজরুল ইসলাম গণভবন থেকে এ তথ্য জানিয়েছেন। সুষমা স্বরাজ বলেন, ভারতীয় সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের ফেরত নেয়ার পাশাপাশি রোহিঙ্গা মুসলিমদের ওপর চলা নির্যাতন বন্ধের জন্য মিয়ানমার সরকারের ওপর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ সৃষ্টির চেষ্টা করছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন, রোহিঙ্গা সমস্যা কেবল বাংলাদেশের কোন ইস্যু নয় বরং এই সমস্যা এ অঞ্চল ছাড়িয়ে একটা আন্তর্জাতিক রূপলাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কেবলমাত্র মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। মিয়ানমারকে অবশ্যই স্বীকার করতে হবে যে, রোহিঙ্গা তাদের নাগরিক। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিতে অস্থায়ী ব্যবস্থা করার জন্য জমি বরাদ্দ দিয়েছে। কিন্তু তাদের দীর্ঘ মেয়াদে অবস্থান বাংলাদেশের জন্য অবশ্যই বড় ধরনে সমস্যার সৃষ্টি করবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের সঙ্গে তার দলের নেতা-কর্মীরাও রোহিঙ্গাদের জন্য খাদ্য, আশ্রয় ও স্বাস্থ্যসেবা দিতে দিন-রাত কাজ করছে। এ সময় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা গণভবনে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসেরও এ সময় উপস্থিত ছিলেন।
হর্ষবর্ধন শ্রীংলা রোহিঙ্গাদের জন্য পাঠানো ভারতীয় ত্রাণসামগ্রীর প্রথম চালানের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930