ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন । তার এ সফরে আলোচনায় থাকবে রোহিঙ্গা সঙ্কট ও তিস্তার পানি চুক্তি। সোমবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী। তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে দ্য হিন্দুর বিজনেস লাইন। এতে বলা হয়, মিয়ানমারের রোহিঙ্গাদের কেন্দ্র করে ভয়াবহ সঙ্কটের সময়ে এ সমস্যা সমাধানের উপায় খুঁজতে শিগগিরই বাংলাদেশ সফর করবেন সুষমা স্বরাজ। ওই অনুষ্ঠানে সৈয়দ মুয়াজ্জেম আলী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে ভয়াবহ এক মানবিক সঙ্কট মোকাবিলা করছে বাংলাদেশ। তিনি আরো বলেন, গত ৬০ দিনেও মিয়ানমার সরকার এই সমস্যাটিকে স্বীকার করে নি। আমরা মনে করি এ সমস্যার সমাধান হওয়া উচিত মিয়ানমারের ভিতরেই। বিষয়টি আমাদের সবার জন্যই বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ। প্রতিবেশী দেশে যে আগুন জ্বলছে তা আমাদের সবাইকে গ্রাস করতে পারে। তিনি আরো জানান, রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমার সরকারের উদ্দেশে বাংলাদেশ সরকার ৫ দফা পরিকল্পনা দিয়েছে। ওদিকে তিস্তার পানি বন্টন সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টন এখনও ভারতে একটি উদ্বেগের বিষয় হয়ে আছে। দীর্ঘদিন মুলতবি থাকা তিস্তার পানি ভাগাভাগি চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, নদী হলো স্পর্শকাতর ইস্যু। বিস্তারিত হিসাব নিকাশের পরেই কোনো প্রকল্প নেয়া যেতে পারে। তিনি জানান, সুষমা স্বরাজের ঢাকা সফরের সময় এবার এ ইস্যুটি তোলা হবে। দু’দেশের মধ্যে তিস্তা হলো চতুর্থ বড় নদী। এ নদীর পানি বন্টন চুক্তি ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময়ে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়। তার পর থেকে বিষয়টি ঝুলেই আছে। রিপোর্টে বলা হয়েছে, সুষমা স্বরাজের এই সফরে সন্ত্রাস বিরোধী অভিযান থাকবে এজেন্ডায়। এক্ষেত্রে সন্ত্রাস বিরোধী অবস্থানে সামনের সারিতে আছে বাংলাদেশ এবং তারা ভারতকে সহায়তা করছে। এ ছাড়া সুষমার এ সফরে দ্বিপক্ষীয় জ্বালানি, বাণিজ্য, উপ-আঞ্চলিক সংযুক্তি সহ আরো বিষয় থাকতে পারে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031