মন্ত্রিসভা বালাইনাশক আইন -২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জেল জরিমানার বিধান রেখে । সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বালাইনাশক বিক্রিতে কেউ মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে উদ্বুদ্ধ করলে তার ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এই আইনে।
এছাড়া বালাইনাশকের প্যাকেটের ওপরে যে তথ্য দেয়া হয়েছে তার সঙ্গে যদি ওই বালাইনাশকের গুনাগুনের মিল না থাকে তাহলে এক লাখ টাকা জরিমানা এবং এক বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দুই লাখ টাকা জরিমানা এবং দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া মন্ত্রীসভার বৈঠকে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
