বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের মানুষের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন । বলেছেন, জিয়াউর রহমান মারা গেলে দেশের মানুষ জানাজায় যেভাবে শরিক হয়েছে ঠিক একইভাবে আমার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায়ও মানুষ যে ভালোবাসা দেখিয়েছে তাতে আমরা বাংলাদেশের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে ‘তারেক রহমান ও বাংলাদেশ’ নামক বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। খালেদা জিয়া বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশের মানুষের কাছে ছুটে গিয়েছিলেন তারেক রহমানও তেমনভাবে মানুষের কাছে ছুটে বেড়িয়েছে। কেবল তাই নয়, তারেক রহমান ২০০১ সালে জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিএনপিও ক্ষমতায় আসে।

 তারেক রহমান সম্পর্কে আপনারা যতটুকু জানেন ও বুঝেন, দেখবেন সে বিদেশে চিকিৎসাধীন হয়েও দেশ থেকে কেউ গেলে দেশের অবস্থা জানতে চান। মাঝে মাঝে বক্তব্য দেয় এবং দেখবেন সে অনেক সত্য কথা বলে। আর তাই সত্য কথা যাতে প্রচার না হয় সেজন্য সরকার তার বক্তব্য প্রচার করতে দেয় না। বরং তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। খালেদা জিয়া বলেন, কতগুলো পত্রিকা আছে অন্যায়ভাবে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। যারা ওই পত্রিকাগুলো করছেন (প্রকাশ) তারাই নিজেরা নিজেদের চরিত্রটা বিশ্লেষণ করে দেখবেন নিজেরা কী জিনিস। বিএনপি চেয়ারপারসন বলেন, জিয়াউর রহমানের সেই রক্তই তারেক রহমানের গায়ে, সেই রক্তই ছিল আরাফাত রহমানের গায়ে। তারা নিজেরা কিছু পাওয়ার জন্য নয়, দেশের মানুষকে কিছু দেয়ার জন্য, দেশের সম্মান বৃদ্ধির জন্য কাজ করেছে- করছে। সবাই দোয়া করবেন তারেক রহমান যেন সুস্থ হয়ে দেশে সবার মাঝে ফিরে আসে। বইটির লেখক রয়টার্সের সাংবাদিক মাহাবুবুর রহমান। তিনি একসময় দৈনিক আমার দেশ-এ রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। বইটির প্রকাশক ডেমোক্রেটিক পলিসি ফোরাম, বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক পারভেজ মল্লিক। বইটি প্রকাশ করেছে নিউইয়র্ক বাংলা প্রকাশনী। বইটির ভূমিকা লিখেছেন জাতীয় অধ্যাপক দার্শনিক ড. তালুকদার মনিরুজ্জামান। তারেক রহমানের রাজনৈতিক রূপরেখা ও গতিপথের ওপর বইটিতে রয়েছে এগারোটি অধ্যায়। এ ছাড়া তারেক রহমানের নিজের ভাষায় রাজনৈতিক ভিশনের বর্ণনা তুলে ধরা হয়েছে একটি অধ্যায়ে। এ ছাড়াও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা তারেক রহমানের ‘রাজনীতি ও রাষ্ট্রভাবনা’ ও ‘দীপ্তিমান দেশনায়ক’ দুটি বইয়েরও মোড়ক উন্মোচন করেন বিএনপি চেয়ারপারসন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শওকত মাহমুদ, আলতাফ হোসেন চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুইয়া, প্রফেসর তাজমেরী এস ইসলাম, আতাউর রহমান ঢালী, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শ্যামা ওবায়েদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, শিরিন সুলতানা, সুলতানা আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আফম ইউসুফ হায়দার, ড. মামুন আহমেদ, তাহমিদা আখতার টফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কামরুল ইসলামসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০শে নভেম্বর ‘তারেক রহমান ও বাংলাদেশ’ বইটি নিয়ে লন্ডনের ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এ একটি উদ্বোধনী অনুষ্ঠান করেছে ডেমোক্রেটিক পলিসি ফোরাম, বাংলাদেশ এবং ইউসিএল-এর একটি গবেষক টিম। সেখানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031