অর্থমন্ত্রী বিভিন্ন বিষয়ে নিজের বিরক্তি প্রকাশ করতে বা সমালোচনার জবাব দিতে ‘রাবিশ’ শব্দের ব্যবহার করতে পছন্দ করেন । এবার এই শব্দ ব্যবহার করে তারই সমালোচনা এলো বিএনপির পক্ষ থেকে।

চালের দাম বৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে জনগণের সঙ্গে তার ‘রাবিশ’ রসিকতা বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি নেতা বলেন, ‘দেশের মানুষ যখন দিশেহারা ঠিক তখনই অর্থমন্ত্রীর বক্তব্যে জনগণের দুঃখ বেদনা নিয়ে রাবিশ রসিকতা ছাড়া আর কিছুই নয়।’

‘অর্থমন্ত্রীর বক্তব্যে সরকারের চরম গণবিরোধী রূপটি আবারো প্রকাশিত হলো।’

রিজভী বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, সরকারই চেয়েছে চালের দাম কিছুটা বাড়ুক। কিন্তু প্রতি কেজি চালের দাম ৫০ টাকার বেশি হওয়াটা মানুষের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা অসহনীয় হয়ে গেছে। চালের দামে স্থিতিশীলতার বিষয়ে কোন ঠিক ঠিকানা নেই।’

বিএনপি নেতা রিজভী বলেন, ‘অর্থমন্ত্রী অনেক সময় সত্য কথা প্রকাশ করে দেন। জনগণের সঙ্গে বর্তমান সরকার যে তামাশা করে সেটি প্রমাণ করলেন অর্থমন্ত্রী। জনগণের টাকা লুটপাটে উৎসাহিত হয়ে সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে দ্বিধা করছে না।’

‘একমাত্র কাণ্ডজ্ঞানহীন ভোটারবিহীন, বিবেকহীন, নির্দয়, নিষ্ঠুর শাসকরাই খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধিতে আনন্দিত হয়, তামাশা করে। এরাই জনগণের ক্ষুধা নিয়ে ছিনিমিনি খেলতে ভালবাসে।’

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘এরা বরাবরই জনগণের সাথে ক্ষুধা নিয়ে প্রতারণা করেছে। যেমন-দশ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে এখন সত্তর টাকা কেজি চাল খাওয়াচ্ছে।’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031