রোগীকে আটকে রেখে টাকা আদায় করা অপরাধ। বেসরকারি হাসপাতালে সেবার নামে হয়রানি ও অর্থ আদায় বন্ধ করতে সরকার নতুন আইন করতে যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন ।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন।

বিরোধী দলের সদস্য নূর ই হাসনা লিলি চৌধুরী নোটিশে বলেন, রাজধানীসহ দেশের বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টের নামে রোগীকে আটকে রেখে লাখ লাখ টাকা আদায় ও নানা ধরনের হয়রানি করা হয়।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, অনেক বেসরকারি হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটছে। তাঁরাও অনেক অভিযোগ পেয়েছেন। মুমূর্ষু রোগীকে আটকে রেখে টাকা আদায় করা হয়। মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয়। এমনও প্রমাণ আছে, রোগী মারা গেছে কিন্তু রোগী লাইফ সাপোর্টে আছে বলে টাকা আদায় করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয়। অনেকে ফাইভ স্টার হোটেলের মতো হাসপাতাল চালায়। তাদের বোঝা উচিত, মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে যায়। অথচ এই রোগীদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করা হয়। এটা একটা ক্রাইম।

চিকিৎসক ও সাংসদ রুস্তম আলী ফরাজিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা নিয়ে তিনি অনেক কথা বলেন। কিন্তু চিকিৎসায় অবহেলা নিয়ে কিছু বলেন না। কারণ এখানে শ্রেণি স্বার্থ কাজ করে।

লিলি চৌধুরী তাঁর প্রশ্নে বারডেম হাসপাতালের চিকিৎসাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বারডেম একটি বেসরকারি হাসপাতাল। সেখানে অবহেলার বিষয়টি নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষ বিবেচনা করবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031