নিয়োগ পরীক্ষায় ডিজিটাল চুরির ঘটনা ঘটেছে অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে । এ সময় পাঁচ পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। শনিবার বিকালে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান  বলেন, কয়েকজনকে ডিজিটাল ডিভাইসসহ ধরা হয়েছে।

তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষার আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে মোট ছয় হাজার ১২৮ জন প্রার্থী অংশ নেন। এ সময় তিতুমীর কলেজ কেন্দ্র থেকে দুইজন ও তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে তিনজনসহ মোট পাঁচজনকে ডিজিটাল ডিভাইসসহ হাতেনাতে ধরা হয়।

মোশাররফ হোসেন খান বলেন, অনেক কড়াকড়ি করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়েছিল। এই পাঁচজন পরীক্ষাকেন্দ্রে নিজেদের আসনে বসে ওই ডিভাইসের মাধ্যমে বাইরের কারও কাছে প্রশ্ন পাঠিয়ে তার কাছ থেকে উত্তর জেনে নিয়ে পরীক্ষার খাতায় লিখছিল।

ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা এর আগেও ঘটেছে। গত ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে এ ধরনের ডিভাইসসহ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাসহ দুজনকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই জালিয়াত চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের থেকে ‘ডিজিটাল’ জালিয়াতির সুবিধা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১২ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930