অন্য দিকে ফিলিস্তিন এক দিকে ইসরায়েল । দীর্ঘ কাল ধরে বিবদমান দুই দেশের সঙ্গে আলাদা আলাদা সম্পর্কের ভারসাম্য রেখেই যে এগোতে চায় নয়াদিল্লি, তা স্পষ্ট হলো আবার। আগামী মাসেই ফিলিস্তিন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং তিনিই হতে যাচ্ছেন ফিলিস্তিন সফরে যাওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করবেন মোদি। আগামী ১০ ফেব্রুয়ারি ফিলিস্তিনের রামাল্লায় যাবেন তিনি। গত বছরই ইসরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।আর গত সপ্তাহেই ভারতে এসেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত বছরই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে গিয়েছিলেন মোদি। তারপর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ফিলিস্তিনে। স্বাভাবিকভাবেই এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

গত বছর ইসরায়েল সফরে গেলেও ফিলিস্তিনের পথ মাড়াননি মোদি। সে সময় প্রশ্ন উঠেছিল, ইসরায়েলের সঙ্গে নতুন সম্পর্কের রসায়ন গড়াতেই কি ফিলিস্তিনকে এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী? ফিলিস্তিন সেন্টার পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের পরিচালক খালিল শিকাকি প্রশ্ন তুলেছিলেন, ১৯৪৮ সালে দেশভাগের পর থেকে ফিলিস্তিনকে বন্ধু হিসেবে আলিঙ্গন করে ভারত। ৭৪-এ ফিলিস্তিনকে জোট নিরপেক্ষ আন্দোলনের অংশীদার করতেও সাহায্য করে ভারত। এর মধ্যে দিয়ে কার্যত আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দেয়া হয় ফিলিস্তিনকে। তা হলে এখন এত বৈষম্য কেন? মন্তব্য খালিলের।

তার কথায়, ‘প্রতিরক্ষা এবং বাণিজ্যের স্বার্থে ভারতের প্রধানমন্ত্রী মনে হয় পশ্চিমের সঙ্গেই সম্পর্ক স্থাপনে বেশি উৎসাহী। এখন তো মনে হচ্ছে ভারতের কাছ থেকে সাহায্য পাওয়ার আর কোনও আশাই নেই ফিলিস্তিনের।’

জেরুজালেম প্রশ্নে অবশ্য জাতিসংঘের প্রস্তাবে ইসরায়েলের বিপক্ষেই ভোট দিয়েছে ভারত। ফিলিস্তিনের সঙ্গে জেরুজালেম নিয়ে লড়াইয়ে ভারত যে ইসরায়েলের বিপক্ষে তা স্পষ্ট করার পরেও নেতানিয়াহুর সফরে তার কোনও প্রভাব পড়েনি। এ বার ফিলিস্তিন সফরে গিয়ে ভারতের অবস্থান আরও স্পষ্ট করতে চলেছেন নরেন্দ্র মোদি।

ফিলিস্তিন ছাড়াও দুবাইয়ে ‘সিক্সথ ওয়ার্ল্ড গর্ভনমেন্ট সামিট’-এ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত মোদি।

সরকারি সূত্রে খবর, দু’দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হবে।  আমিরাত এবং ওমানে অনাবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন মোদি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031