ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শুল্কমুক্ত সুবিধা পাওয়ার যোগ্য নয়। তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে দুই ধরনের দেশ যুক্তরাষ্ট্রে সুবিধা পেয়ে থাকে। প্রথমত যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি আছে। যেমন নাফটা এবং দ্বিতীয়ত স্বল্পোন্নত দেশসমূহ। বাংলাদেশ বেশ কিছু সময় ধরে আর স্বল্পোন্নত দেশ নেই। তাই এ সুবিধা আর পাওয়ার যোগ্য নয়।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ‘যুক্তরাষ্ট্র ও ইন্দো–প্যাসিফিক অঞ্চল’ বিষয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বিষয়ে তিনি বলেন, বাণিজ্য ঘাটতি কেন হচ্ছে সেটি খতিয়ে দেখে তা কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন।

তিনি বলেন, বিভিন্ন কারণে বাণিজ্য ঘাটতি হয়। বর্তমানে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস এর মূল্যায়ন করছে। এ অবস্থায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য পরিস্থিতি ওয়াশিংটনে সতর্ক ঘণ্টা বাজাবে। কারণ, বলতে গেলে যুক্তরাষ্ট্র এদেশে তেমন কিছু রফতানি করে না।

বার্নিকাট বলেন, আমি জানি, বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে ঘাটতির পরিমাণ কমে আসবে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশ তার আমদানি বাড়াক।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031