বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত জনসভার অনুমতি পায়নি । আজ বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারকে বলব, এখনও সময় আছে, আপনাদের মনে শুভবুদ্ধির উদয় হোক। আমাদেরকে অনুমতিটা দিন, আমরা জনসভাটা করি। তিনি বলেন, অতীতেও দেখেছি রাত ৮টা/৯টায় অনুমতি দিয়েছে। আমরা সেটা দেখব।

রোববার রাতের মধ্যে যখনই অনুমতি দেয়া হোক, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করতে সক্ষম হব। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে। এদিকে সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলেও ইতিবাচক কোনো জবাব পাননি। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান রোববার রাত ৮টায় মানবজমিনকে জানান, জননিরাপত্তার কারণে জনসভার অনুমতি দেয়া হয়নি। ওদিকে সংবাদ ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, পুলিশ কেন অনুমতি দেবে না। কালকে তো (শনিবার) খুলনায় জনসভা হয়েছে। ওখানে কি কোনো গোলমাল হয়েছে, কোনো সন্ত্রাসী কর্মকা- হয়েছে? তাহলে দেবে না কেন? তিনি প্রশ্নে রেখে বলেন, রাশেদ খান মেননের কয়টা লোক আছে, এরশাদের কয়টা লোক আছে? তারপরও তারা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়। তাহলে বিএনপি পাবে না কেন? তিনি বলেন, দেশকে তারা (আওয়ামী লীগ) পৈত্রিক সম্পত্তি মনে করে বলেই এই ধরনের আচরণ করছে। বিএনপিকে জনসভা করতে না দেয়ার মধ্য দিয়ে সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রকাশ ঘটাছে। খালেদা জিয়ার জামিনের বিষয়ে উচ্চ আদালতের রায়ে দেরির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমাদের এখন কোনো প্রতিক্রিয়া নেই। যেহেতু হাইকোর্ট বলেছেন, এটা আগামীকাল হবে। আমরা দেখি, তারপর জানাব। সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, আবেদ রাজা ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031