দুবাই প্রবাসীর বাড়ি থেকে চারজনকে আটক করেছে পুলিশনাটোরের দিঘাপতিয়া এলাকায় , যারা জঙ্গি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। বাড়িটি ঘিরে রাখার তিন ঘণ্টা পর অভিযান শেষে তাদেরকে আটক করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বাড়ির মালিকের ভাই রফিক সিকদারকে।

আটকরা হলেন, সিংড়া উপজেলার আরকান্দি পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলী মিয়ার ছেলে আনিসুর রহমান ওরফে আনিস, বাগাতিপাড়া উপজেলার চাপাপুকুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে শফিকুল ইসলাম, একই এলাকার ভিকু মন্ডলের ছেলে ফজলুর রহমান ওরফে ফজলু এবং নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের ফোজলার রহমানের ছেলে জাকির হোসেন ওরফে জাকির মাস্টার।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, বেশ কিছু জঙ্গি একটি বাড়িতে অবস্থান নিয়ে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে দিঘাপতিয়া এলাকার দুবাই প্রবাসী ইকবাল সিকদারের বাড়িটি গতরাত তিনটার দিকে ঘিরে রাখে পুলিশ। জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের আত্মসমর্পনের জন্য বারবার আহ্বান জানায়। কিন্তু পুলিশের আহ্বানে তারা কোনোভাবেই সাড়া দিচ্ছিল না। পরে ফজর নামাজ পর এক জঙ্গি সদস্য পুলিশের আহ্বানে সাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনকে আটক করা হয়।

অভিযানের সময় বাড়িটির তিনটি কক্ষে তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেল, চারটি চাপাতি, বেশ কিছু জিহাদি বই, কিছু সালফার, একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, বাড়িটি দুবাই প্রবাসী ইকবাল সিকদারের হলেও তার ভাই রফিক সিকদার দেখাশুনা করতেন। মাস খানেক আগে রফিক সিকদারের কাছ থেকে বাড়িটি ভাড়া নেয় দিঘাপতিয়া এমকে কলেজের শিক্ষার্থী আমির হামজা। এরপর থেকেই বাড়িটিতে দু-একজন মানুষের যাতায়াত ছিল। বেশিরভাগ সময় বাড়িটির গেট বন্ধ থাকতো। তবে আমির হামজাকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে মূল অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই। অভিযানে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, হেডকোয়ার্টার ফায়জুল ইসলাম, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানসহ ডিবি পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031