বেশ গরম পড়েছে। লেবাননের রাজধানী বৈরুত। এরই মধ্যে গাড়ির সারি কাঁটাতারের বেড়া আর কংক্রিটের ব্লক ছাড়িয়ে আরও অনেক দূর চলে গেছে।

১৯৮২ সালের ইসরায়েল-লেবানন যুদ্ধে এক দিনের বিরতি চলছে, আর এই সুযোগকে কাজে লাগাতে হাজার হাজার মানুষ শহরের পূর্ব ও পশ্চিমে আসা-যাওয়ার চেকপয়েন্টগুলোতে হাজির হয়েছেন – ওইসব চেকপয়েন্ট, যেগুলো শহরটিকে পূর্ব-পশ্চিমে ভাগ করেছে।

এদের একজন উরি আভনেরি। রুপালি চুলের ভদ্রলোকের ওপর আদেশ হয়েছে বৈরুত জাদুঘরের কাছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)’র একটি চেকপোস্টে স্বশরীরে হাজির হতে হবে।

আর কিছুক্ষণের মধ্যেই আভনেরি হবেন প্রথম ইসরায়েলি, যিনি আনুষ্ঠানিকভাবে পিএলও নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে দেখা করেছেন।

নিজের দেশ যাকে সবচেয়ে বড় শত্রু বলে মনে করে, তার সঙ্গে যেভাবে দেখা হয়েছিল তা স্মরণ করেন আভনেরি।

‘একটু বিপজ্জনক ছিল’- স্বীকার করেন তিনি।

একটি সাঁজোয়া মার্সিডিজ গাড়ি তাকে তুলে নেয়, আর এরপর একেবারে আকাবাঁকা পথ বেয়ে দক্ষিণ বৈরুতে একটি পিএলও ভবনে শেষ পর্যন্ত পৌঁছেও যায়।

‘আমরা অবশ্যই কথা বলেছিলাম শান্তি নিয়ে – ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে শান্তি’- বলছিলেন আভনেরি।

কিন্তু ইয়াসির আরাফাতের সঙ্গে বৈঠকটি আভনেরির বামপন্থী ম্যাগাজিনের জন্যে কেবল একটি হৈচৈ ফেলা খবরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।

তিন দশক পরে এই গল্পের আরও অনেক কিছু এখন বেরিয়ে আসছে – অভিযোগ উঠেছে যে ইসরায়েলি কমান্ডোরা পিএলও নেতার সঙ্গে তাদের দেশি মানুষটির বৈঠকটি অনুসরণ করার চেষ্টা করছিল। এমনকি তাদের প্রস্তুতিও ছিল একে লক্ষ্যবস্তু বানানোর।

অভিজাত বাহিনী

সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে ইসরায়েলি সাংবাদিক রনেন বার্গম্যান পিএলও প্রধানকে হত্যার অনেকগুলো কথিত চেষ্টার কথা লিখেছেন। বইটিতে ইসরায়েল কর্তৃক সুনির্দিষ্ট হত্যাকাণ্ড ঘটানোর বিবরণ রয়েছে।

বার্গম্যান ঘটনা জানতেন এমন অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। তবে এটা বিতর্কও উসকে দিয়েছে, কারণ পুরো বিষয়টি ইসরায়েলে মোটামুটি গোপনীয় হিসেবে চিহ্নিত। তিনি বলছেন, তার গবেষণার সময় একজন সেনাপ্রধান তাকে ‘উত্ত্যক্তকারী গুপ্তচরবৃত্তি’র অভিযোগে অভিযুক্ত করেন।

বার্গম্যান লিখেছেন, ১৯৮২ সালে যখন বৈরুত অবরোধ করা হয়, তখন ‘সল্ট ফিশ’ কোডনামের একটি অভিজাত কমান্ডো ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছিল – উদ্দেশ্য ইয়াসের আরাফাতকে হত্যা করা।

তিনি দাবি করছেন, পিএলও নেতার সঙ্গে উরি আভনেরির বৈঠকের সুযোগ নিতে চেয়েছিল এই ইউনিট। তারা চেয়েছিল ওই সাংবাদিক ও তার দুই সহকর্মী অজান্তেই তাদেরকে ইয়াসির আরাফাতের সন্ধান দিক।

বার্গম্যান লিখেছেন, ‘সল্ট ফিশ টিমের মধ্যে এমন একটি তর্ক বেধে যায় যে ইসরায়েলি নাগরিকদের বিপদে ফেলা। যার পরিণতি সম্ভবত মৃত্যু – কতটা সঠিক? উত্তর ছিল – তাদের সিদ্ধান্ত মতে – হ্যাঁ সঠিক।’

তবে তার দাবি হলো, সল্ট ফিশের সদস্যরা শেষ পর্যন্ত বৈরুতের অলিগলিতে সাংবাদিকদের হারিয়ে ফেলেন।

নারকীয় তাণ্ডব

উরি আভনেরি এখনও ইয়াসির আরাফাতের সঙ্গে তার আলোচনার সবকিছু স্মরণ করতে পারেন, কারণ তিনি ‘প্রতিটি শব্দ প্রকাশ’ করেছিলেন।

তার বয়স এখন ৯৪। তেল আভিভে নিজের অ্যাপার্টমেন্ট তিনি বিবিসির টম বেটম্যানের সঙ্গে কথা বলেন।

তার ওই অ্যাপার্টমেন্টের দেয়ালে টাঙ্গানো আরাফাত, বিল ক্লিনটন এবং হত্যাকাণ্ডের শিকার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইটজহাক রাবিনের অনেক ছবি – ওইসব ব্যক্তি যারা মধ্যপ্রাচ্যে শান্তির পরিকল্পনা করেছিলেন।

১৯৮২ সালে তার আরাফাতের সাক্ষাৎকার নেয়ার বিষয়টি অনেক ইসরায়েলিকে ক্ষুব্ধ করে তুলেছিল। তিনি বলছেন, সরকার একটি তদন্ত করারও নির্দেশ দিয়েছিল।

‘অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্ত ছিল আমি কোন আইন ভাঙ্গিনি। কারণ ওই সময় এমন কোন আইন ছিল না যে পিএলও’র সঙ্গে কোন ধরনের বৈঠক করা যাবে না।’

কিন্তু অভিযোগ উঠেছে যে ইয়াসের আরাফাতের সঙ্গে ওই বৈঠক এমন কি তার প্রাণ সংহারের কারণও হতে পারতো?

‘আমার অবশ্য এ ব্যাপারে খানিকটা সন্দেহ আছে’- বলছিলেন আভনেরি। তার ব্যাখ্যা, তিনি বৈঠকটি হওয়ার ২৪ ঘন্টারও কম সময় আগে ফোন করে এটির আয়োজন করেছিলেন।

‘কিন্তু … তারা যদি খুব দক্ষ হতো, তাহলে তারা ফোনে আমাদের কথা শুনতে পারতো, এরপর যেখানে আমি সীমানা পেরিয়েছি, সেখান থেকে তারা আমাদের গাড়ি অনুসরণ করতে পারতো। এটা সম্ভব ছিল।’

যুদ্ধ একেবারে অন্ধ

সল্ট ফিশ ইউনিটের প্রধান ছিলেন লেফটেনান্ট কর্নেল উজি দায়ান, যিনি এক সময় ইসরায়েলি সেনাবাহিনীর উপপ্রধান হয়েছিলেন।

তিনি বিবিসি’র টম বেটম্যানকে বলেন, তার টিম আট থেকে দশটি চেষ্টা চালিয়েছিল ইয়াসির আরাফাতকে হত্যা করতে।

বেসামরিক মানুষ এসব হামলায় মারা গিয়েছিল কি-না, এমন এক প্রশ্নে তিনি বলেন, ‘আমি যতদূর জানি, না।’

তবে তিনি যোগ করেন, ‘নিরাপরাধ মানুষের কথা বলা হচ্ছে, কিন্তু তার লোকজন কি নিরাপরাধ? না। তার কোন অফিসারের স্ত্রী নিরাপরাধ? সেটা চিন্তা করা যেতে পারে। এবং তিনি যদি সঙ্গে করে একটি শিশু নিয়ে আসেন?’

‘সুতরাং আমি যদি জানতাম যে সেখানে কোন বেসামরিক মানুষ আছে, তাহলে আমরা তাকে লক্ষ্যবস্তু বলতাম না। কিন্তু আপনি জানেন, যুদ্ধ একেবারেই অন্ধ। আপনি বলতে পারবেন না, যেকোন একটি এলাকায় একটি মানুষও আহত হবে না।’

পাগলাটে ধারণা

বৈরুতে ইসরায়েলের অবরোধ এতটা কঠোর ছিল যে মন্ত্রিসভার অনেক সদস্য প্রতিরক্ষামন্ত্রী অ্যারিয়েল শ্যারনের ক্ষমতা খর্ব করেছিলেন।

কর্নেল দায়ান তার নিজের মিশন সম্পর্কে আপসহীন ছিলেন। তিনি স্মরণ করছিলেন পিএলও’র হাতে ইসরায়েলিদের সহিংস মৃত্যু অথবা লেবানন থেকে পিএলও’র সহযোগী কোন বাহিনীর হামলার কথা।

কিন্তু রনেন বার্গম্যান যে অভিযানের কথা লিখেছেন, তার পেছনে নিজের ইউনিটের কেউ জড়িত ছিল এমন অভিযোগ তিনি নাকচ করে দেন।

তিনি বলেন, ‘এটা একেবারে একটা পাগলাটে একটি ধারণা যে একজন ইসরায়েলি কর্মকর্তা, কিংবা একজন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বা একজন ইসরায়েলি প্রধানমন্ত্রী আরাফাতকে হত্যার অনুমোদন দেবেন, আবার একই সঙ্গে উরি আভনেরির মতো ইসরায়েলিকেও হত্যার আদেশ দেবেন।’

তিনি আরও বলেন, ‘তাই ওই পরিস্থিতির বিষয়ে আমি কিছুই জানি না।’

কর্নেল দায়ান ‘গুপ্তহত্যা’ শব্দটি এড়িয়ে যান – তিনি বারবার বলেন যে তার লক্ষ্য ছিল এটা নিশ্চিত করা যে আরাফাত ‘জীবিত থাকবেন না’।

অনেক বছর পরে যখন ইসরায়েল ও ফিলিস্তিনিরা শান্তি আলোচনা চালাচ্ছিলেন, তখন এই দুজনের মধ্যে অনেকবার দেখা-সাক্ষাৎ হয়েছিল।

কর্নেল দায়ান বলছেন তিনি যে পিএলও নেতাকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন, তা তিনি কখনই ইয়াসির আরাফাতকে বলেননি।

‘কিন্তু আমার মনে হয় তিনি জানতেন।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031