জার্মানিতে ক্যাটালোনিয়ার স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা কার্লেস পুইগডেমন্টকে গ্রেপ্তার করা হয়েছে । ক্যাটালোনিয়ার স্বাধীনতা দাবিতে গণভোট দেয়ার পর তিনি ব্যাপক বিজয় অর্জন করলেও স্বীকৃতি পান নি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। উল্টো তাকে নির্বাসনে চলে যেতে হয়। পাঁচ মাস আগে তিনি স্পেন থেকে ফিনল্যান্ড গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে শুক্রবার যান জার্মানিতে।
সেখান থেকে রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে স্পেনে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা হয়েছে তাতে তার ২৫ বছরের জেল হতে পারে। তবে তাকে জার্মান পুলিশ নাকি স্পেনের বিশেষ কোনো শাখা গ্রেপ্তার করেছে তা নিশ্চিত করে বলা হয় নি। এখন তাকে স্পেনে ফেরত পাঠানো হবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, গত বছর ক্যাটালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটকে কেন্দ্র করে যে সঙ্কট স্পেনে সৃষ্টি হয়েছে তা আরো খারাপের দিকে যেতে পারে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে। পুইগডেমন্টকে গ্রেপ্তারের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে রোববার বিকেলেই বারসেলোনায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় তারা পুইগডেমন্টকে তাদের প্রেসিডেন্ট দাবি করে স্লোগান দেন। রাজননৈতিক বন্দিদের মুক্তি দাবি করে স্লোগান দেন। ক্যাটালোনিয়ার রাজধানীর পাশ থেকে এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ৫০ জন। রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ক্যাটালোনিয়া পার্লামেন্টের স্পিকার রজার টরোন্ট।
