ঢল নেমেছে শিশু-কিশোরদের সকাল সকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে । সঙ্গে রয়েছেন তাদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ। কানায় কানায় দর্শক পূর্ণ স্টেডিয়ামের গ্যালারী।
মঞ্চের পাশে দাঁড়ানো শিল্পীরা প্রস্তুত। মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর হাজারো কণ্ঠে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে এভাবেই অজস্র কণ্ঠে ধ্বনিত হলো জাতীয় সংগীত। ঘড়ির কাটা ৮টা পেরিয়ে পেরোলেও সকালের রোদ উত্তাপ ছড়ায়নি তখনো। এর মধ্যেই জাতীয় সংগীতের ধ্বনি যেন সকলের প্রাণেই ছড়িয়ে দিলো দেশপ্রেমের আবহ।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের পর শিশু-কিশোর সমাবেশের নেতার কাছ থেকে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে পায়রা ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর ৮টা ১৮ মিনিটে মাঠ পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী। ৮টা ২১ মিনিটে মাঠ পরিদর্শন শেষে মঞ্চে ফেরেন তিনি। এ সময় স্টেডিয়ামের ডিসপ্লেতে দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।
