পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও কৃষি কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন মানিকগঞ্জে। মঙ্গলবার দুপুরে সিংগাইর-হেমায়েতপুর সড়ক ও মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিংগাইর উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম কদ্দুসুর রহমান ও শহরের পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের ছেলে শোয়াইব (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার সময় সিংগাইর-হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় কৃষি কর্মকর্তা কুদ্দুসুর রহমানকে একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত কুদ্দুসুর রহমান সিংগাইর উপজেলার খাসের চর গ্রামের কেরামত আলী ছেলে।
এদিকে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় ব্যাটারিচালিত অটোবাইক চাপায় নিহত হয় শোয়াইব নামে ৫ বছরের এক শিশু। সে স্থানীয় শহিদ তিতুমীর একাডেমি স্কুলের প্লেগ্রুপের ছাত্র ছিল।
তিতুমীর একাডেমির প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, স্কুল ছুটির পর খালার সঙ্গে রাস্তা পার হচ্ছিল শোয়াইব। পেছন থেকে দ্রুতগতির একটি হ্যালোবাইক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শোয়াইবকে সদর হাসপাতালে নেয়ার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শোয়াইবের বাবা ওমর ফারুক ঢাকায় গোয়েন্দা বিভাগে কর্মরত আছেন। মা সোমা আক্তার মানিকগঞ্জ সদর হাসপাতালের সেবিকা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, নিহত কৃষি কর্মকর্তার লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে শোয়াইবের মৃতদেহ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে।
