মুন্নি আক্তার নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আবু তালেব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে । মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, সোমবার দুপুরে উপজেলার সাওঘাট এলাকার বুলবুলের বাড়ির পাশের একটি ডোবার পাড় থেকে ওই তরুণীর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই রাতেই ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তারেকুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মুন্নি আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ফুলকারচর এলাকার সোবহান মিয়ার মেয়ে। বর্তমানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই হাটুভাঙ্গা এলাকায় বসবাস করে আসছেন। এছাড়া গ্রেপ্তার আবু তালেব উলিপুর থানার কাজীয়ারচর এলাকার মৃত হযরত আলীর ছেলে।
মামলার বাদী ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তারেকুজ্জামান জানান, গত সোমবার সকালে সাওঘাট এলাকার বুলবুলের বাড়ির পাশে একটি ডোবায় এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খরব দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান। ধারণা করা হচ্ছে, কে বা কারা ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর গুম করার উদ্দেশ্যে তরুণীকে ওই স্থানে ফেলে রেখে যায়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, গত প্রায় চার বছর আগে গ্রেপ্তার আবু তালেবের সঙ্গে মুন্নি আক্তার নামে ওই তরুণীর বিয়ে হয়েছিল। বিয়ের তিন বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। লাশ উদ্ধারের পর থেকেই আবু তালেব ঘটনাস্থলের আশ-পাশে ঘুরা-ফেরার কারণে সন্দেহ হলে গ্রেপ্তার করা হয়। আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। তবে, হত্যার রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হবে।
