যাত্রীবাহী বাসের চাপায় পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন (৫৬) নিহত হয়েছেন ফেনীতে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কালেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল বুধবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় দুর্ঘটনার শিকার হন এ পুলিশ কনস্টেবল। নিহত আলমগীর কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বাসিন্ধা।
মহাসড়কের মুহুরিগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলম জানান, মহাসড়কের ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক রেহান উদ্দিন ও কনস্টেবল আলমগীর হোসেনকে চাঁপা দেয় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসারত অবস্থায় দুপুরে পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন মারা যান। আহত এএসআই রেহান উদ্দিন এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
