বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন। আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ বিএনপি ইসিতে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের মালিক (জনগণ) তাদের প্রত্যাশাগুলো আমরা নির্বাচন কমিশনে তুলে ধরেছি। এই দাবি বিএনপির নয়। আমরা নির্বাচনে সেনা মোতায়েনের কথা বলেছি। কিন্তু নির্বাচন কমিশন বলছে, এটা সরকার করবে। অপরদিকে সরকার বলছে, নির্বাচন কমিশন চাইলে করতে পারে।

আমরা তো জানি নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার আছে যে, নির্বাচনকালীন সময়ে তারা চাইলে দেশের যেকোনো সংস্থাকে কাজে লাগাতে পারে। সংবিধান তাদেরকে সে ক্ষমতা দিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিন্তু ইসির সে ক্ষমতা সরকার সেটা মানছে না। যখন সরকার মানবে না; আর নির্বাচন কমিশনের বক্তব্যের পরে সরকারের যে ধরনের বক্তব্যে আসে, এরপর আমরা যখন দেখি ইসি’র ক্ষমতা থাকার পরেও তারা পিছু হঠতে থাকে তখন নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে। আর যেখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে, সেখানে আপনি কোন নির্বাচনের কথা বলছেন? খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেশ দ্বিধা-ধন্ধের মধ্যে রয়েছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তার (খালেদা জিয়া) চিকিৎসা হবে কি হবে না তা নিয়ে দেশে আলোচনা হচ্ছে। সুতরাং বেগম জিয়ার চিকিৎসা করতে না দেওয়ার পিছনেও রাজনীতি রয়েছে। সুতরাং বেগম জিয়ার চিকিৎসাকে হেলা-ফেলা করা হচ্ছে। তারাই (সরকার) রাজনীতি করছে। অথচ তারা (সরকার) বিএনপিকে বলছে, চিকিৎসা নিয়ে রাজনীতি করবেন না। সরকার নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, তারা (সরকার) সেই প্রেক্ষাপট বন্ধ করে দিচ্ছেন। কারণ তারা এটা চায় না। তারা জনগণকে বাইয়ে রেখে ক্ষমতায় থাকার জন্য প্রতিনিয়ত একটার পর একটা কর্মকাণ্ড করে যাচ্ছে। সরকার প্রতিপক্ষবিহীন একটি রাজনৈতিক ক্ষেত্র চায় মন্তব্য করে আমীর খসরু বলেন, একারণে বাংলাদেশের জনগণের ভোটের সুযোগটা তারা (সরকার) বন্ধ করে দিতে চায়! আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান, রফিক সিকদার ও ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধা বক্তব্য দেন।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031