ইংরেজিতে কথা বলার সময় এক মজার ভুল করার পর তা ব্যাপক আলোচনার বিষয় হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন অস্ট্রেলিয়া সফরে ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের পাশে দাঁড়িয়ে তাকে তার আতিথেয়তার জন্য ধন্যবাদ দেবার সময় প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, ‘আপনাকে এবং আপনার সুস্বাদু স্ত্রীকে ধন্যবাদ আপনাদের উষ্ণ আতিথেয়তা এবং এই সফরের নিখুঁত আয়োজনের জন্য।’
প্রেসিডেন্ট ম্যাকরন ইংরেজি ‘ডেলিশাস’ শব্দটি ব্যবহার করেন – যার অর্থ ‘সুস্বাদু’ বা ‘উপাদেয়’ এবং তা সাধারণত: খাদ্যের ক্ষেত্রেই ব্যবহৃত হয়।
এমনিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন খুবই চমৎকার ইংরেজি বলেন, কিন্তু ওই একটি মুহূর্তে তার ভাষার নৈপুণ্য তাকে ফাঁকি দিয়েছে – লিখছেন বিবিসির সংবাদদাতা।
অনুষ্ঠানটি ভিডিও ক্যামেরার সামনেই হচ্ছিল, এবং অস্ট্রেলিয়ান শ্রোতারা প্রথমে বুঝতে পারেন নি যে তারা ঠিক শুনছেন কিনা – ফরাসী প্রেসিডেন্ট কি সত্যিই তাদের প্রধানমন্ত্রীর স্ত্রী লুসি হিউজ টার্নবুলকে ‘সুস্বাদু’ বা ‘উপাদেয়’ বললেন?
কিন্তু পরে অনুষ্ঠানের রেকর্ডিং আবার বাজিয়ে দেখা গেল – আসলেই তাই। এরপর ম্যাকরন আবার বলেন, ‘ধন্যবাদ লুসি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী’ – এবং তারা করমর্দন করেন।
ম্যাকরন অস্ট্রেলিয়ায় এই কূটনৈতিক সফরে জলবায়ুর পরিবর্তন এবং প্রতিরক্ষার মত গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করেন। কিন্তু সামাজিক মাধ্যমে সম্ভবত তার চেয়ে অনেক বেশি আলোচনা এবং হাসাহাসির জন্ম দিয়েছে এই একটি শব্দের প্রয়োগ।
একজন লিখেছেন, ‘আমার মনে হলো এইমাত্র প্রেসিডেন্ট ম্যাকরনকে শুনলাম লুসি টার্নবুলকে সুস্বাদু বলতে’। জবাবে একজন মন্তব্য করেন – ‘এতে অন্যায় কিছু নেই, তা ছাড়া তার ইতিহাস আছে বয়স্ক নারীদের পছন্দ করার ।’
আরেক জন মন্তব্য করেন, ফরাসি ভাষায় দেলিসিও শব্দটি খাদ্যের ক্ষেত্রে ব্যবহার না করলে তার অর্থ ‘সুস্বাদু’ নয় বরং সঠিক অর্থ হলো ‘চমৎকার’।
বিবিসির সংবাদদাতা লিখছেন, ফরাসি ভাষায় ডেলিশাসের সমতুল্য একটি শব্দ আছে ‘দেলিসিও’ – যার অর্থ একটি ‘সুস্বাদু বা উপাদেয় খাবার’ যেমন হতে পারে, তেমনি খুবই ‘চমৎকার কোন কিছু’ অর্থেও ব্যবহৃত হতে পারে।
তাই ম্যাকরন হয়তো ‘সুস্বাদু বা উপাদেয় খাদ্য’ অর্থে শব্দটি ব্যবহার করেননি- এমনও হতে পারে। ফরাসি প্রেসিডেন্টের ইংরেজি ভাষার ওপর দখল অত্যন্ত চমৎকার বলেই মানা হয়।
এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রে সফরের সময় তিনি মার্কিন কংগ্রেসে তিনি ইংরেজিতেই ভাষণ দেন। সে ভাষণ কংগ্রেস সদস্যদের কাছে এবং সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে প্রশংসিত হয়।
তবে অস্ট্রেলিয়ায় ম্যাকরনর এই ‘ইংরেজির ভুল’ অবশ্য অস্ট্রেলিয়ার লোকেরা তেমন গায়ে মাখেননি। প্রধানমন্ত্রী টার্নবুল হাসিমুখেই ম্যাকরনের সঙ্গে হাত মেলান।
অনুবাদের ভুলে রাজনৈতিক নেতাদের কথা ভিন্ন অর্থ নেবার দৃষ্টান্ত অবশ্য ইতিহাসে অনেক আছে। এর মধ্যে সবচেয়ে মজার ঘটনাগুলোর একটি ঘটেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে নিয়ে।
তিনি ১৯৭৭ সালে ‘কমিউনিস্ট পোল্যান্ডের প্রতি ‘যৌন কামনা’ প্রকাশ করেছিলেন – যা ঘটেছিল অনুবাদের ভুলেই এবং তা সেসময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
