কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হুতি বিদ্রোহীদের ঠেকাতে সৌদি আরবের একতরফা হামলায় ক্ষতবিক্ষত ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবেইদ বিন দগরসহ ১১ মন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত অবরুদ্ধ করেছে বলে জানিয়েছে। এছাড়া ইয়েমেনের সোকোত্রা নামের একটি দ্বীপও পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আমিরাত।
আল জাজিরা বলছে, দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার সময় আমিরাতের সেনারা সেখানে অবস্থান করছিলেন। চারটি সামরিক বিমান, শতাধিক সেনা মোতায়েনের পরদিনই, পুরো দ্বীপটিতে অবরোধ আরোপ করে আবুধাবি।
দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়েই সেখানকার সরকারি ভবনগুলোয় আরব আমিরাতের জাতীয় পতাকা তোলা হয়েছে। এছাড়া ঝুলানো হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের ছবি।
এ ঘটনাকে ‘আগ্রাসী আচরণ’বলে আখ্যা দিয়েছে ইয়েমেন সরকার। এদিকে বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধানী দল পাঠানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হস্তক্ষেপের কারণে আবুধাবির সঙ্গে টানাপোড়েন চলছে দেশটির মনসুর আল-হাদি সরকারের।
প্রসঙ্গত, সামরিক কার্যক্রম পরিচালনায় ৯৯ বছরের জন্য সোকোত্রা দ্বীপটি ইজারা নেয় আরব আমিরাত। যদিও প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ এ দ্বীপটি ইউনেস্কো ঘোষিত এলাকার মধ্যে রয়েছে। ৬০ হাজার বাসিন্দার দ্বীপটিতে সামরিক তৎপরতা চালানোর পক্ষে নয় ইয়েমেন সরকার।
