প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা প্রশংসিত হয়েছে দেশের সর্বজনীন মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক শুনানিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখায় । মানবাধিকার কাউন্সিলে থার্ড সাইকেল ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ’তে (ইউপিআর) বাংলাদেশ সরকার দেশের মানবাধিকার বিষয়ে যে কান্ট্রি পেপার বা অবস্থান পত্র উত্থাপন করেছে তার ওপর আলোচনা করতে গিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনার মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন বলে সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পু এক টুইট বার্তায় জানানÑ ওই আলোচনায় অংশ নেয়া জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন। সেখানে বলপূর্বক গুম, বাল্যবিবাহ, মৃত্যুদণ্ড, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর তরফে বিভিন্ন সুপারিশ ছিল। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হয়।
গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ওই শুনানি হয়। তবে, সেখানে দেশের সর্বজনীন মানবাধিকার বিষয়ে কোন দেশ কি অবভারভেশন বা রিজারভেশন দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে তার কোনো উল্লেখ ছিল না।
