ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে বিএনপি এমন অভিযোগ তুললেও তা নাকচ করে দিয়েছেন । তিনি দাবি করেছেন, সেখানে তেমন কোনো অভিযোগ নেই। প্রয়োজনে সাংবাদিকদের কাছ থেকে খবর নিতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

মঙ্গলবার নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সোনারগাঁওয়ের কাঁচপুর সেতু এলাকায় মহাসড়কের যানজট পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা্ সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তেমন কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও বিচ্ছিন্ন জালভোটের ঘটনা ঘটেছে। এই অভিযোগ চারটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

খুলনার ভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জে যেমন নির্বাচন হয়েছে তেমনই হচ্ছে খুলনায়ও। আপনারা ওখানকার সাংবাদিকদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখেন সেখানে তেমন কোনো অভিযোগ নেই। সাংবাদিকেরাতো আর সবাই আওয়ামী লীগ করে না। তারাই তো দেখছে নির্বাচনের অবস্থা। বিএনপির মঞ্জুই শুধু অভিযোগ করছেন এবং ঢাকায় বসে তারা সংবাদ সম্মেলন করছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ খুলনায় গোপন ব্যালটে ভোট দিচ্ছে, আমরা খুলনার ব্যাপারে আশাবাদী। জনগণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। সেখানে অভিযোগ দেয়ার মতো কিছু এখনো পাইনি। সকালে ভোটের উপস্থিতি কিছুটা ধীরে থাকলেও এখন পুরোদমে চলছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনের বিষয়ে কাদের বলেন, ‘বেগম জিয়ার ব্যাপারে আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাকে জিজ্ঞাসা করেছি, বিএনপি যেভাবে বলছেন তার অবস্থা কি সে রকম? তিনি আমাকে বলেছেন তার বয়স হয়েছে, তিনি যে পুরোপুরি সুস্থ তা বলা যাবে না। তবে কারাবিধি মতোই তার চিকিৎসা নেয়া হচ্ছে। তারপরও খতিয়ে দেখা হচ্ছে তার চিকিৎসায় যা ব্যবস্থা নেয়া দরকার তা নেয়া হচ্ছে।’

সোনারগাঁয়ে এসে মন্ত্রী বলেন, এখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেন করার পরও মাঝে মাঝে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তবে আমরা বসে নেই। এখানে রাস্তার কোনো সমস্যা নেই। রাস্তা চারলেন হয়ে গেছে। ফেনীর ফ্লাইওভারের কাজও শেষ। কুমিল্লায় যে সমস্যা হতো সে রেলওভারপাসটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। গত কয়দিন যে সমস্যাটি হচ্ছে এটি মূলত ফেনীর ফতেহপুরে রেলওয়ারপাসের জন্য।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হাইওয়ের পুলিশের ডিআইজি আতিকুল্লাহ, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলীউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহরিয়ার আলম ও আব্দুস সাত্তার এবং উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমানসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031