মিয়ানমার উত্তেজনাপূর্ণ সীমান্ত ছেড়ে যেতে রোহিঙ্গাদের প্রতি নির্দেশ দিয়েছে। দু’দেশের মধ্যে বিদ্যমান নো-ম্যান্সল্যান্ডে এখনও অবরুদ্ধ হয়ে আছেন বিপুল সংখ্যক রোহিঙ্গা মুসলিম। তাদের উদ্দেশ্য করে লাউড স্পিকার ব্যবহার করা শুরু করেছে মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারীরা। এসব রোহিঙ্গাকে নো-ম্যান্স ল্যান্ড থেকে অবিলম্বে চলে যেতে বলা হচ্ছে তাতে। বার্তা সংস্থা এএফপি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে চ্যানেল নিউজ এশিয়া। ওই এলাকার শরণার্থীরা রোববার মিডিয়ার কাছে এভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত হরেন।
শরণার্থী সংকটকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক। দু’প্রতিবেশী দেশ নভেম্বরে রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু সেই প্রক্রিয়া অচল হয়ে আছে। এ জন্য বিলম্বের জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছে। নো ম্যান্স ল্যান্ডে ও বাংলাদেশে শরণার্থী শিবিরগুলোতে যেসব শরণার্থী অবস্থান করছেন তারা বলছেন, তাদেরকে নিরাপত্তা ও মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত না করা পর্যন্ত দেশে ফিরে যাবেন না। এই সঙ্গে তারা এর আগের নির্যাতনের ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেন।
