যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মদদ দেয়ার অভিযোগে ইরানের রিভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কয়েকজন কর্মকর্তার ওপর নতুন এ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক মিসাইল সরবারাহ করছে ইরানের আইআরজিসি। যেগুলো যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র সৌদি আরবের শহর ও তেলক্ষেত্রগুলোর ওপর নিক্ষেপ করা হচ্ছে।

আর এই কার্যক্রমের সহায়তা করছে আইআরজিসি’র অন্তত পাঁচজন সদস্য। বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র হুতি বিদ্রোহীদের প্রতি ইরানের সমর্থন সহ্য করবে না। যারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের ওপর হামলা চালাচ্ছে। তার দাবি, ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপে হুতি বিদ্রোহীদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে আইআরজিসি’র একটি ইউনিট। এই অভিযোগে এ নিরাপত্তা বাহিনীর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদের মধ্যে আইআরজিসি’র দু’জন উর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। একজন হলেন আইআরজিসি’র অ্যারোস্পেস ইউনিটের প্রধান মাহমুদ বাঘেরি কাজেমাবাদ। আরেকজন একই ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা আঘা জাফরি। এছাড়া আরো তিন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে পড়েছেন । উল্লেখ্য, আইআরজিসি ইরানের সামরিক বাহিনীর একটি বিশেষায়িত শাখা। এই শাখার সর্বময় কর্তৃত্ব সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ্ আলি খামেনির হাতে। নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে এসব ব্যক্তির মালিকানায় থাকা সকল সম্পদ জব্দ করা হবে। এছাড়া যারা নিষেধাজ্ঞার কবলে পড়া এসব ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করবে, তারাও একই রকম মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এর আগে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের দু’জন উর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এসময় তাদেরকে সন্ত্রাসী আখা দেয়া হয়। মার্কিন প্রশাসনের দাবি, এই দুই ব্যক্তি লেবাননের হিজবুল্লাহর কাছে অর্থ পাঠানোর কাজে আইআরজিসিকে সহায়তা করেছেন।

উল্লেখ্য, ডনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর থেকেই ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিষয়ে নতুন নীতি অনুসরণ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি মার্কিন প্রশাসনের দাবি মেনে না চলে, তাহলে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘নজিরবিহীন আর্থিক চাপ’ ও ‘ইতিহাসের সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এসময় পম্পেও ইরানের কাছে ১২টি দাবি তুলে ধরেন। এর মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহায়তা বন্ধ করার দাবিও রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, হুতি বিদ্রোহীদের সহায়তা করে ইরান অঞ্চলটিতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031