আবারো ক্ষমতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এমনটা মনে করেন শতকরা ৭১.৯ ভাগ ভারতীয়। এক জরিপে এমনটা বলা হয়েছে। ওই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা প্রায় ৭১.৯ ভাগ ভারতীয় বলেছেন, যদি এখনই জাতীয় নির্বাচন হয় তাহলে তারা ভোট দেবেন নরেন্দ্র মোদিকে। এর অর্থ হলো ২০১৯ সালে অনুষ্ঠেয় নির্বাচনে মোদি ক্ষমতায় ফিরছেন। টাইমস গ্রুপের ৯টি মিডিয়া ৯টি ভাষায় ভারতজুড়ে ২৩ থেকে ২৫শে মে অনলাইনে এই জরিপ চালায়।
অন্যদিকে তার সরকারকে দুর্বল বলে মত দিয়েছেন শতকরা ২০.৫৫ ভাগ মানুষ। জরিপে মোদি সরকারের সবচেয়ে সফলতা ও ব্যর্থতা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। সফলতা দেখেছেন শতকরা ৩৩.৪২ ভাগ মানুষ। তারা বলেছেন, তাদের প্রথম পছন্দ হলো জিএসটি বাস্তবায়ন। এর পরে রয়েছে ডিমনিটাইজেশন। এ ক্ষেত্রে সমর্থন রয়েছে শতকরা ২১.৯ ভাগ। পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক সমর্থন করেছেন শতকরা ১৯.৮৯ ভাগ মানুষ। জন ধন যোজনা কর্মসূচি সমর্থন করেছেন শতকরা ৯.৭ ভাগ মানুষ। সংখ্যালঘু প্রশ্নে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ শতকরা ৫৯.৪১ ভাগ বলেছেন, এনডিএ সরকারের অধীনে সংখ্যালঘু সম্প্রদায় অনিরাপদ মনে করেন না। তবে শতকরা ৩০.০১ ভাগ মনে করেন সংখ্যালঘুরা ভারতে অনিরাপদ। আর শতকরা ১০.৫৮ ভাগ অংশগ্রহণকারী বলেছেন, এ প্রশ্নে তারা এখনো মন স্থির করেন নি।
