আলাদা সড়ক দুর্ঘটনায় দায়িত্বরত এক পুলিশ সদস্য ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন গাজীপুরে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নিহতরা হলেন- জয়দেবপুর থানার মীরের বাজার পুলিশ ক্যাম্পের এএসআই মো. আমজাদ হোসেন ও গাজীপুর সিটি করপোরেশনের জাঝড় এলাকার অঞ্জন বোসের ছেলে সাগর বোস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, আমজাদ হোসেন বৃহস্পতিবার গভীর রাতে টঙ্গী ঘোড়াশাল সড়কের মীরের বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। সড়ক থেকে যানজট কমানোর চেষ্টার সময় মোটরসাইকেল নিয়ে তিনি উলুখোলা এলাকায় চালবোঝাই একটি ট্রাকের সামনে দাঁড়ান। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি আমজাদকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদ মারা যান।
এদিকে, কোনাবাড়ি (সালনা) থানার ওসি বাসুদেব সিনহা জানান, রাতে সাগর বোস তার বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে কোনাবাড়ি থেকে গাজীপুর শহরের জাঝর এলাকায় তাদের বাড়িতে ফিরছিলেন। তারা রাজাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগর মারা যান।
