পেদ্রো সানচেজ স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই পার্লামেন্টের অনাস্থা ভোটে বরখাস্ত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । শনিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তবে ৩৫০ আসনের পার্লামেন্টে মাত্র ৮৪ আসন থাকায় আইন পাসের জন্য হিমশিম খেতে হবে সানচেজ সরকারকে৷

গত দুই বছর ধরে মারিয়ানো রাখোই এবং তার দল কনজারভেটিভ পিপলস পার্টির (পিপি) বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে৷ কিন্তু সেগুলোর কোনোটাই স্বীকার করেনি মারিয়ানো সরকার৷ খবর ডয়চে ভেলের।

মাদ্রিদের কনরাড আডেনাউয়ার ফাউন্ডেশন-এর ব্যুরো চিফ ভিলহেল্ম হোফমাইস্টার বলেন, ‘এরই মধ্যে দলের বেশ কয়েকজনকে নানা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷ অনেকেই বিচারের মুখোমুখি হয়ে দণ্ড ভোগ করছেন৷ এদের মধ্যে আছেন সাবেক অর্থমন্ত্রী এবং আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক রদ্রিগে রাটো৷’

গত সপ্তাহে দলটির একজন সাবেক কোষাধ্যক্ষের ৩৩ বছর কারাদণ্ড হলে দুর্নীতির খবরটি আবারো পত্রিকায় আসে৷ মাদ্রিদের হাইকোর্ট তাকে ঘুস গ্রহণ, অর্থপাচার এবং কর ফাঁকির অপরাধে দোষী সাব্যস্ত করে৷ এরপরও প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি হননি মারিয়ানো৷ এবারই প্রথমবারের মতো বিচারকরা দলটির বিরুদ্ধে অবৈধভাবে অর্থায়ন, নানা অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ আনে৷ কিন্তু মারিয়ানো বারবার বলেছেন, ‘তাঁর সরকারের কোনো সদস্যের কর্মকাণ্ড সন্দেহজনক নয়৷ তাই তাঁদের কিছু করার নেই৷’

ব্যালটবাক্সে সোশ্যালিস্ট নেতা পেদ্রো সানচেজ পিপি দলের প্রার্থীদের কাছে বরাবরই হেরেছেন৷ সমালোচকরাও কখনো তার পক্ষে কোনো প্রশংসার বাণী শোনাননি৷ তবে তারা এখন এটা স্বীকার করবেন যে সানচেজ লড়তে জানেন৷ দুর্নীতি কেলেঙ্কারিতে মারিয়ানোর নাম জড়িয়ে পড়লে সানচেজই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন৷

শুক্রবার সকালে অনাস্থা ভোটে বাস্ক ন্যাশনাল পার্টিসহ ছোট ছোট কয়েকটি দলের সমর্থন পেয়ে সানচেজ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন৷ প্রস্তাবের পক্ষে ১৮০ জন এবং বিপক্ষে ১৬৯ জন সাংসদ ভোট দেন৷ ভোটে হেরে পদচ্যুত হন প্রধানমন্ত্রী মারিয়ানো৷ স্পেনে চার দশকের গণতন্ত্রের ইতিহাসে মারিয়ানো রাখোই পার্লামেন্টের ভোটে পদচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী৷

শুক্রবারের ভোটের আগে সানচেজ বলেছিলেন, ‘আমরা আমাদের দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি নতুন পৃষ্ঠা স্বাক্ষর করতে যাচ্ছি৷’

২০১১ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী ছিলেন মারিয়ানো৷ শুক্রবার পরাজয় স্বীকার করে নিয়ে তিনি সাংসদদের বলেন, ‘আমি যা প্রতিষ্ঠা করেছিলাম, তার চেয়ে উত্তম একটি স্পেন রেখে যেতে পারা সম্মানের ব্যাপার৷’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031